নিঃসঙ্গ নারীরা রাষ্ট্রের বোঝা: জাপানি এমপি
নিঃসঙ্গ নারীদেরকে ‘রাষ্ট্রের বোঝা’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাপানের ক্ষমতাসীন দলের এক এমপি।
প্রধানমন্ত্রী শিনজো আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সদস্য কানজি কাতো বলেন, নারীদের একাধিক সন্তান নেওয়া দরকার। আর নারীরা বিয়ে না করে নিঃসঙ্গ হয়ে থাকলে পরবর্তী জীবনে তারা বোঝা হয়ে যাবে।
দলীয় এক বৈঠকে তিনি বলেন, যুবতী নারীদের অন্তত তিনটি বাচ্চা নেওয়া উচিত।
কোনো বিবাহ সংবর্ধনায় বক্তব্য রাখার সুযোগ পেলে বর-কনেকে অন্তত তিন সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করেন বলেও জানান কাতো।
বিয়ে করতে চায় না এমন তরুণীদের সঙ্গে দেখা হলে তাদেরকেও কাতো সতর্ক করেন।
তিনি বলেন, “আমি তাদেরকে বলি, তারা যদি বিয়ে না করে তাহলে সন্তান পাবে না। ফলে শেষ পর্যন্ত পরবর্তী জীবনে তাদের ঠাঁই হবে বৃদ্ধ নিবাসে। অন্য মানুষের সন্তানদের দেওয়া করের অর্থে যার খরচ চলে।”
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এমন মন্তব্যের পর নারী এমপিদের তীব্র সমালোচনার মুখে পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন কাতো।
১৮৯৯ সালের পর থেকে বর্তমানে জাপানে শিশু জন্মের হার রেকর্ড নিম্ন পর্যায়ে চলে আসার পরিপ্রেক্ষিতেই কাতো ওই মন্তব্য করেন।
এবছর ১ এপ্রিলের তথ্যমতে, জাপানে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বর্তমানে ১ কোটি ৫৫৩ লাখ। গত বছরের তুলনায় এ সংখ্যা ১ লাখ ৭০ হাজার কম।
২০১৭ সালে জাপানে আনুমানিক ৯ লাখ ৪১ হাজার শিশু জন্মেছে। ১৮৯৯ সালে জাপানে জরিপ শুরুর পর থেকে শিশু জন্মের সংখ্যা এটিই সবচেয়ে কম।
দেশটিতে অবিবাহিত নারী ও পুরুষের সংখ্যাও বাড়ছে। বিয়ে করার জন্য সরকারের বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকার পরও বিয়ে করতে আগ্রহী হচ্ছে না জাপানিরা।
এতে একলা (সিঙ্গেল) নর-নারীর সংখ্যা বাড়ছে বলে সরকারি এক জরিপে উঠে এসেছে।
যেসব নারীরা মা হয়েছেন তাদের জন্য সন্তান নিয়েও চাকরি করতে পারা সহজ করার চেষ্টা চালাচ্ছে জাপান সরকার।
