অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ লাশ উদ্ধার, মৃত্যুর কারণ অনিশ্চিত
পশ্চিম অস্ট্রেলিয়ায় মার্গারেট নদীর কাছে ওসমিংটন শহর থেকে শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ।
শুক্রবার ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। শহরটি পার্থ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
উদ্ধার পাওয়া লাশগুলোর চারজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে দুটো আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে সেখানে খুন না আত্মহত্যা ঘটেছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন, “একটি পুরোনো দালানের বাইরে দুইজনের লাশ পড়ে ছিল। দালানের ভেতরে ছিল আরো পাঁচটি লাশ। তারা সেখানেই থাকতেন বলে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, নিহতদের কয়েকজনের শরীরে বন্দুকের ক্ষতচিহ্ন আছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান ডাউসন।
ঘটনাটি বেপরোয়া গুলির ঘটনা হয়ে থাকলে তা হবে ১৯৯৬ সালের পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড। ওই বছর তাসমানিয়ায় এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে ৩৫ জন নিহত হয়েছিল।
