২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি কেএ-৫২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 10:39 AM

Updated : 08 Apr 2022, 06:21 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে খবর রাশিয়ার বার্তা সংস্থা তাসের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়া আরব প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের ওপর দিয়ে নিয়মিত উড্ডয়কালে রাশিয়ার একটি হেলিকপ্টার কেএ-৫২ বিধ্বস্ত হয়েছে। উভয় পাইলট নিহত হয়েছেন।”

তল্লাশি ও উদ্ধারকারী দল নিহত পাইলটদের মৃতদেহ উদ্ধার করে বিমান ঘাঁটিতে নিয়ে গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

‘যান্ত্রিক ক্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এমন অনুমান করা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে ৩ মে ভূমধ্যসাগরের ওপর রাশিয়ার একটি এসইউ-৩০এসএম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আরও দুই পাইলট নিহত হন।

যুদ্ধবিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমাইমিম বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর খাড়া ওপর দিকে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটির ইঞ্জিনে একটি পাখি ঢুকে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

তাস জানিয়েছে, কেএ-৫২ ‘অ্যালিগেটর’ শত্রুর অবস্থানের ওপর নজরদারি ও যুদ্ধেক্ষেত্রে ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও যুদ্ধে ব্যবহৃত অন্যান্য যান, শত্রু সৈন্য, হেলিকপ্টার ও অন্যান্য আকাশযান ধ্বংসে সক্ষম সমর হেলিকপ্টার; এটি যে কোনো আবহাওয়ায় দিনে-রাতের যে কোনো সময় কাজ করতে পারে।