২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চুক্তি বাতিল না করতে ট্রাম্পকে অনুরোধ জনসনের

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 09:32 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

২০১৫ সালের ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ঠেকাতেই জনসন রোববার দুই দিনের সফরে ওয়াশিংটনে গেছেন।

সফরকালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ‘ফক্স এন্ড ফ্রেন্ডস’ মর্নিং টিভি শো’র মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যে কোনো সময় বেরিয়ে যেতে পারে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে ১২ মে তেই তার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। চুক্তিটি ত্রুটিপূর্ণ বলে এর কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প।

বরিস জনসনও ‘ফক্স এন্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে হাজির হয়ে স্বীকার করেছেন যে চুক্তিটি নিখুঁত নয়। কিন্তু খুঁতগুলো সারিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

চুক্তি মতে, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার বিধান রয়েছে।

জনসন সতর্ক করে দিয়ে বলেন যে, এ চুক্তি ব্যাতিরেকে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অস্ত্র পতিযোগিতা শুরু করতে পারা সম্ভব।

চুক্তিটি বাতিল করা হলে এ থেকে কেবল ‘ইরানই লাভবান হবে’ বলেও জনসন নিউ ইয়র্ক টাইমস- এ এক লেখনীতে সতর্ক করেন।

জনসন লেখেন, ইরানের হাতে যখন হাতকড়া পরানো আছে তখন সেটিকে বাদ করে দিয়ে কোনো সুবিধা হবে বলে তিনি মনে করেন না।