কাঠুয়া শিশু ধর্ষণ ও হত্যা মামলা পাঠানকোটে স্থানান্তর
জম্মু ও কাশ্মিরের কাঠুয়ায় মুসলিম যাযাবর সম্প্রদায়ের ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা পাঞ্জাবের পাঠানকোট আদালতে সরিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সেইসঙ্গে মামলার বিচারকাজ নজরদারিতে রাখা এবং ঘটনার সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
নিহত শিশুটির পরিবার ও তাদের আইনজীবী জীবননাশের হুমকি পাচ্ছেন অভিযোগে উচ্চ আদালতের কাছে মামলাটি কাঠুয়া সেকশন কোর্ট থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল।
ওই আবেদনের ভিত্তিতেই সোমবার সুপ্রিম কোর্ট মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ৯ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্দিষ্ট করেছে। জম্মু-কাশ্মিরে যে দণ্ডবিধি চালু রয়েছে কাঠুয়া মামলার শুনানি তা মেনেই হবে বলে আদালত জানিয়েছে।
দ্রুত বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মামলার শুনানি কার্যক্রম দৈনিক ভিত্তিতে অনুষ্ঠান এবং আদালত কক্ষে ক্যামেরা রাখার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
এছাড়া, সরকারকে শিশুটির পরিবার, তাদের আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা বিধান করতেও বলা হয়েছে।
পাঠানকোট ছাড়াও সুপ্রিম কোর্ট থেকে উধামপুর, জম্মু, রামবন ও সামভার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাদী পক্ষ রামবন ছাড়া অন্যান্য জায়গা নিয়ে আপত্তি জানিয়েছে।
আসামি পক্ষ রামবনে ন্যায় বিচার নাও পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। আসামি পক্ষ মামলাটির তদন্ত কাজ পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে হস্তান্তরের আবেদনও করেছে।
গত ১০ জানুয়ারি কাঠুয়ায় মুসলিম যাযাবর সম্প্রদায়ের ওই শিশুটিকে অপহরণ করে একটি মন্দিরে আটকে রেখে ধর্ষণ করা হয়।
সানজি রামের জবানবন্দি অনুযায়ী, শিশুটিকে ১৪ জানুয়ারি হত্যা করা হয়। পুলিশ ১৭ জানুয়ারি জঙ্গল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সানজি রাম ও তার ছেলে, তার ভাতিজা (নিজের বয়স ১৮’র কম দাবি করেছে) এবং পুলিশসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অনেক ধর্ষণের ঘটনার মত এ ঘটনাটিও আড়ালেই ছিল। কিন্তু অভিযুক্তরা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের মুক্তির দাবিতে কাঠুয়ার কয়েকটি হিন্দু অধিকার রক্ষাকারী সংগঠন বিক্ষোভে শুরু করলে এবং বিজেপি নেতা স্থানীয় সরকারের দুই মন্ত্রী সেই বিক্ষোভ সমর্থন করলে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধীসহ দলের প্রভাবশালী নেতারা দিল্লিতে বিক্ষোভে অংশ নেন।
যা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করে। ওই দুই মন্ত্রী পদত্যাগে বাধ্য হন।
এ ঘটনার জেরে প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় নতুন একটি অর্ডিন্যান্স পাশ হয়। যেখানে ১২ বছরের কম বয়সের শিশু ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে।
কাঠুয়া মামলার তদন্ত কর্মকর্তারা বলেছেন, হিন্দু অধ্যুষিত এলাকাটি থেকে মুসলিম যাযাবর সম্প্রদায়ের মানুষদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।
