হোয়াইট হাউজ থেকে ট্রাম্প-ম্যাক্রোঁর লাগানো গাছ উধাও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপহার দেওয়া একটি গাছ হোয়াইট হাউজের বাগান থেকে উধাও হয়ে গেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময়ে ম্যাক্রোঁ দু’দেশের বন্ধুত্বের নির্দশনস্বরূপ ট্রাম্পকে এ গাছ দিয়েছিলেন। গত মঙ্গলবার দুই নেতা মিলে গাছটি লাগান।
কিন্তু এর চারদিনের মাথায় শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক ওই স্থানের ছবি তুললে সেখানে গাছটি আর দেখা যায়নি। তার বদলে সে জায়গায় দেখা গেছে এক গুচ্ছ হলুদ ঘাস।
গাছটি ছিল ইউরোপীয় সেসিলি ওক জাতের। এটি আনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের লড়াইস্থল বিল্যু উড থেকে। ১৯১৮ সালের ওই লড়াইয়ে প্রায় ২ হাজার মার্কিন সেনা নিহত হয়েছিল।
হোয়াইট হাউজে গাছটি রোপনের সময় ম্যাক্রোঁ বলেছিলেন, “এ গাছ দুইদেশের বন্ধনের কথা স্মরণ করিয়ে দেবে।”
কিন্তু গাছ লাগাতে না লাগাতেই এটি উধাও কেন হল তার আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অনলাইনে এরই মধ্যে গাছটির ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
অনেকেই মনে করছেন, মার্কিন কংগ্রেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতীয়তা এবং বিচ্ছিন্নতার নীতির বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তাতেই ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গাছটি সরিয়ে ফেলেছেন।
হোয়াইট হাউজ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে খবরে বলা হয়েছে, বিদেশি গাছ ও বীজ আনার ক্ষেত্রে মার্কিন শুল্ক বিভাগের নিয়মানুযায়ী গাছটিকে রোগমুক্ত করতে সাময়িকভাবে আলাদা রাখা হয়েছে।
মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা ওয়েবসাইটের ব্যাখ্যায় বলা হয়েছে, “বিদেশি গাছ যুক্তরাষ্ট্রে আনার আগে উদ্ভিদস্বাস্থ্য বিষয়ক একটি সার্টিফিকেটের প্রয়োজন হয়।”
ফরাসি রেডিও নেটওয়ার্ক ‘ফ্রেঞ্চইনফো’ বাগানবিষয়ক সাইট গার্বাউড ডটকমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওক প্রজাতির ওই গাছ রোপণকাল হিসেবে শরৎই বেশি উপযোগী। ওই সময়ে এ গাছ রোপণ করা হলে এর শিকড় মাটির গভীরে পৌঁছাতে পারে। এতে করে গাছটি গ্রীষ্মের প্রখর তাপেও টিকে থাকতে পারে।
ফ্রেঞ্চইনফো ধারণা প্রকাশ করে বলেছে, আগামী অক্টোবরে গাছটি আবারও দেখা যেতে পারে।
তবে পরবর্তীতে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন, সংক্রমণের আশঙ্কায় গাছটিকে আলাদা করে রাখা হয়েছে। গাছটি আর কখনো রোপন করা নাও হতে পারে এমন উদ্বেগও দূর করার চেষ্টা নেন তিনি।
