‘সন্দেহভাজন জিহাদিদের’ হামলায় মালিতে ৪০ তুয়ারেগ নিহত
মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের দুটি হামলায় যাযাবর তুয়ারেগ সম্প্রদায়ের ৪০ সদস্য নিহত হয়েছেন।
উত্তর মালির মেনাকার প্রত্যন্ত মরুঅঞ্চলের গ্রাম আন্দেরানবৌকেনে বৃহস্পতিবার ও আওয়াকাসায় শুক্রবার হামলা দুটি চালানো হয় বলে মেনাকার গভর্নর দাউদা মাইগা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
মেনাকার কর্তৃপক্ষের ধারণা, তুয়ারেগ ও ফুলানি পশুপালকদের মধ্যে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা দুটি চালানো হয়েছে।
হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই যুবক বয়সী।
স্থানীয় আইনপ্রণেতা বাজান আগ হামাতৌ ও মেনাকা শহরের মেয়র নানৌত কোটিয়াও হামলা হয়েছে বলে জানিয়েছেন।
“নিহতদের অধিকাংশই যুবক, কোনো নারী বা শিশুকে মারা হয়নি, প্রধানত ওই বয়সীদের মারা হয়েছে যারা অস্ত্র বহন করতে পারে,” বলেছেন গভর্নর মাইগা।
নিহতদের মধ্যে তুয়ারেগ সশস্ত্র বাহিনী ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য স্যালভেশন অব আজাওয়াদের (এমএসএ) অনেক সদস্যও রয়েছেন।
মাইগা বলেছেন, “এমএসএ লড়াই করছে ইসলামপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে, যাদের অধিকাংশই ফুলানি সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত। এমএসএ-র বিরুদ্ধে প্রতিহিংসামূলক হামলা চালিয়ে তারা বিদ্যমান লড়াইকে দুই সম্প্রদায়ের লড়াইয়ে পরিণত করতে চাইছে।”
নাইজারের সীমান্তবর্তী মেনাকা অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সাহারা শাখার সক্রিয়তা আছে। এই শাখাটির নেতৃত্বে আছে উত্তর আফ্রিকার আরবি ভাষী জঙ্গিনেতা আদনান আবু ওয়ালিদ আল সাহরাবি, কিন্তু গোষ্ঠীটির যোদ্ধাদের অধিকাংশই ফুলানি সম্প্রদায়ের লোক।
২০১২ সালে তুয়ারেগ বিদ্রোহী ও জঙ্গিগোষ্ঠীগুলো মালির মরুভূমি এলাকাগুলো দখল করে রাজধানী বামাকোর দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিতে হস্তক্ষেপ করে ফ্রান্স এবং আগুয়ান বিদ্রোহীদের মরুভূমির প্রান্তের দিকে হটিয়ে দেয়।
তারপর থেকে দেশটিতে ফ্রান্সের সামরিক বাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী উপস্থিত থাকলেও মালিজুড়ে বিশৃঙ্খলা অব্যাহত আছে।
