সিরিয়ায় বিমান হামলা সফল হয়েছে: মে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র স্থাপনায় ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের চালানো বিমান হামলা সফল হয়েছে বলে যুক্তরাজ্য নিশ্চিত।
এ পদক্ষেপ নেওয়াটা ‘সঠিক এবং বৈধ’ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিরিয়ার দৌমা শহরে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ ওঠার পর সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমস শহরের কাছের সামরিক ঘাঁটিগুলোকে হামলার লক্ষ্য করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, “পশ্চিমা এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”
তবে ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে টেরিজা মে বলেছেন, সুনির্দিষ্ট এবং টার্গেট করে বিমান হামলায় সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা কমানো গেছে।
তিনি বলেন, “সংঘবদ্ধ এ পদক্ষেপ এ স্পষ্ট বার্তাই দিচ্ছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় হাত-পা গুটিয়ে বসে থাকবে না এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ্য করবে না।”
ইংল্যান্ডের সলসবেরিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনার যোগসূত্র টেনে মে বলেন, “আমরা সিরিয়া, যুক্তরাজ্য এবং অন্য কোথাও রাসায়নিক অস্ত্রের ব্যবহার হতে দিতে পারি না। ”
