২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে প্রথম সাড়া দিল উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার বিষয়টি নিয়ে প্রথমবারের মত প্রকাশ্যে সাড়া দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 09:59 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হলেও পিয়ংইয়ং এ শীর্ষ বৈঠকের ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল।

তবে সোমবার পার্টির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কিম উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ‘সম্ভাবনার’ বিষয়টি উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির নেতাদের সঙ্গে ওই বৈঠকে কিম উত্তর ও দক্ষিণ কোরিয়ার বর্তমান সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সংলাপের প্রত্যাশা ব্যক্ত করেন।

যদিও বৈঠকটি কবে বা কোথায় হতে পারে সে বিষয়ে কোনো কথাই হয়নি বলে জানিয়েছে কেসিএনএ।

তবে ট্রাম্প সোমবার বলেছেন, মে অথবা জুনের প্রথম দিকে কিমের সঙ্গে তার বৈঠক করার পরিকল্পনা আছে। আলোচনার প্রস্তুতির জন্য  উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে বলে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে খবর আসার পর ট্রাম্প একথা বলেন।

কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম সোমবারের বৈঠকে সুনির্দিষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের বিষয়টি নিয়ে কিছু উল্লেখ করেননি।

কিম স্পষ্ট কিছু না বললেও উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর বিষয়ে দারুণ আশাবাদী ট্রাম্প।

মার্চেই এ বিষয়ে নিজের আগ্রহের কথা টুইটারে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার সাংবাদিকদেরকে কিমের সঙ্গে আলোচনার সম্ভাব্য সময় জানিয়ে ট্রাম্প বলেছেন, “মে অথবা জুনের শুরুতে কোনো এক সময় আমরা তাদের সঙ্গে বসব, আমর ধারণা উভয়পক্ষই একে অপরকে বেশ শ্রদ্ধা করে এবং আশা করছি, উত্তর কোরিয়াকে পারমাণবিক (অস্ত্র) মুক্ত করতে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।

“তারাও (উত্তর কোরিয়া) এমনটা বলছে, আমরাও বলছি। আশা করছি, এবার এমন এক সম্পর্ক হবে যা অনেক অনেক বছর ধরে চলে আসা সম্পর্কের চেয়ে আলাদা হবে।”

তবে যুক্তরাষ্ট্রের  সঙ্গে আলোচনার আগে আগামী ২৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে উত্তরের নেতা কিমের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

কিমের সঙ্গে ট্রাম্পের ‘সুসম্পর্ক’