২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার ঘটনা তদন্ত করবে না ইসরায়েল

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো তদন্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2018, 07:42 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

বিবিসি ১৬ জন এবং অন্যান্য কয়েকটি গণমাধ্যম ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে।

আর্মি বেতারে রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী  অ্যাভিগডোর লিবারম্যান বলেন, “ওই মুহূর্তে যা প্রয়োজন ছিল ইসরায়েলের সেনারা ঠিক তাই করেছে। আমার মতে ওই কাজের জন্য আমাদের সেনারা পদক পাওয়ার দাবি রাখে। এর জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না।”

ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের ডাকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির প্রথম দিন শুক্রবার গাজা-ইসরায়েল ৬৫ কিলোমিটার সীমান্তের ৫টি জায়গায় জড়ো হয়ে নিজেদের ভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা, ১৯৪৮ সালে যা দখল করেছিল ইসরায়েল।

১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ ফিলিস্তিনি বরাবরই নিজিদের ভূমিতে ফেরার দাবি করে আসছে। কিন্তু তারা ফিরলে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে আশঙ্কায় ইসরায়েল সরকার তাদের ফিরতে বাধা দিচ্ছে।

১৯৭৬ সালের ৩০ মার্চ ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়। যে কারণে বিক্ষোভ শুরু করতে এ দিনটিকে বেছে নেয় ফিলিস্তিনিরা। তাদের কর্মসূচি শেষ হওয়ার নির্ধারিত তারিখ ১৫ মে।

ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভ পরিকল্পনার অংশ হিসাবে বিক্ষোভকারীরা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়।

কিন্তু বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে কয়েকশ’ বিক্ষোভকারী আয়োজকদের নিষেধ এবং ইসরায়েলি সেনাদের হুমকি উপেক্ষা করে সীমান্তের দিকে এগিয়ে যায়।

ইসরায়েলি সেনাদের দাবি, প্রথম দিনের বিক্ষোভে অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি সীমান্তে জড় হয়। এ পর্যায়ে বিক্ষোভকারীরা সীমান্ত বরাবর সেনাদের দিকে গুলি, জ্বলন্ত টায়ার, পাথর এবং বোমা ছোড়ে।

“সংঘর্ষ শুরু হয়ে গেলে সেনারা গুলি ছোড়ে।”

এ ঘটনার পর নিউ ইয়র্কে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গাজা সীমান্তে সংঘর্ষের ঘটনা তদন্ত করার আহ্বান জানায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলের বামপন্থি বিরোধীদল মেরেতজ পার্টিও একই আহ্বান জানিয়েছে।

ওদিকে, শনিবারও সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করেছে। বিক্ষোভকারীরা সেনাদের দিকে পাথর ছুড়েছে, ইসরায়েলি সেনারা গুলি ও রাবার বুলেট ছুড়ে তার জবাব দিয়েছে। এদিন অন্তত ৭০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

চলমান অর্থনৈতিক সংকট থেকে গাজার বাসিন্দাদের মনযোগ সরিয়ে নিতে হামাস এ বিক্ষোভে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের।

২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণে রাখা হামাস ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ।

২০০৫ সালে গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। কিন্তু নিরাপত্তার অজুহাতে নিজেদের জল ও স্থল সীমান্তে কড়া প্রহরার ব্যবস্থা করেছে।

মিশরও দীর্ঘদিন ধরে গাজা সীমান্ত বন্ধ করে রেখেছে।