২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা: মার্কিন ভিসা পেলেন এক ইরানি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের চিকিৎসা প্রয়োজনে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের এক নাগরিককে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Mar 2018, 03:17 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

ম্যাসাচুসেটসের আইনজীবী মাহসা খানবাবাই বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার আর্মেনিয়ায় মার্কিন কনস্যুলেট থেকে তাকে ফোনে ইরানের নাগরিক কামিয়ার হাশেমির ভিসা পাওয়ার কথা জানানো হয়।

“ফোনে তারা আমাকে ‘বিশেষ বিবেচনায়’ কামিয়ারকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে।”

কামিয়ার হাশেমির ভাই যুক্তরাষ্ট্রের নাগরিক মাজিয়ার হাশেমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

মেডিকেল পরীক্ষা দুই ভাইয়ের ‘বোন ম্যারো’ শতভাগ মিলে যায়। এ খবর জানার পর ভাইকে বোন ম্যারো দান করতে ফেব্রুয়ারিতে আর্মেনিয়ায় মার্কিন কনস্যুলেটে ভিসার আবেদন করেন কামিয়ার।

শুরুতে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কামিয়ারের ভিসার আবেদন ‘বাতিল’ করা হয় বলে জানান মাহসা।

দুই দিন আগে বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কামিয়ারকে ভিসা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বছর ২০ জানুয়ারি শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। 

তারপর, ৬ মার্চ সংশোধিত আদেশে তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

জুনে ট্রাম্পের ওই ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হয়। আর গত ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা পুরো কার্যকরের অনুমতি দেয়।

ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের পর এখন পর্যন্ত অন্তত ৩৭৫ জনকে বিশেষ বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে তারা কোন দেশের নাগরিক বা এখন পর্যন্ত কত আবেদন বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।

মাহসা বলেন, “মানবিক কারণ স্পষ্টভাবে বোঝা গেলেও একটি মাত্র ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, যা দুর্ভাগ্যজনক। এখনও হাজার হাজার ভিসা আবেদন আটকে আছে। তাদের প্রয়োজনও মানবিক এবং জরুরি। জানিনা তাদের কি হবে।”