২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানান্তর চুক্তি: পূর্ব গৌতা ছাড়ছেন আহতরা

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব গৌতার অসুস্থ ও আহত বাসিন্দারা এলাকাটি ছেড়ে যেতে শুরু করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 12:24 PM

Updated : 08 Apr 2022, 06:04 PM

বুধবার সরকারি একটি চেকপয়েন্ট দিয়ে ২৫ জন রোগী ও তাদের পরিবার এলাকাটি ছেড়েছেন ধারণা করা হচ্ছে বলে খবর বিবিসির।

পূর্ব গৌতার একটি বিদ্রোহী গোষ্ঠী ও সিরিয়া সরকারের মিত্র রাশিয়ার মধ্যে চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার অন্য আরো ৩১ জন এলাকাটি ছেড়ে যান। 

এক মাস আগে রাজধানী দামেস্ক সংলগ্ন এই এলাকাটি পুনরুদ্ধার করার লক্ষ্যে ব্যাপক অভিযান শুরু করে সিরিয়া সরকার। তারপর থেকে সরকারি বাহিনী ও তাদের সমর্থিত বাহিনীগুলোর আক্রমণে পূর্ব গৌতার এক হাজার একশরও বেশি বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

গত কিছুদিনে সামরিক বাহিনী ও তাদের সমর্থিত সরকারপন্থি বেসামরিক বাহিনীগুলো পূর্ব গৌতার অভিযানে নাটকীয় অগ্রগতি অর্জন করেছে। এতে এলাকাটি তিনটি অংশে বিভক্ত হয়ে পড়েছে এবং ওইসব এলাকায় কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

পূর্ব গৌতার বহু চিকিৎসা স্থাপনাকে সহায়তায় দেওয়া দ্য সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি (এসএএমএস) মঙ্গলবার জানিয়েছে, অন্তত এক হাজার ৩৪ জন গুরুতর অসুস্থ ও আহত লোককে চিকিৎসার প্রয়োজনে সরিয়ে নেওয়া দরকার, এদের মধ্যে ৭৭ জনকে ‘অগ্রাধিকারভিত্তিতে নেওয়া দরকার’।

তিনটি অংশে বিভক্ত হয়ে পড়া পূর্ব গৌতার উত্তরাংশে দৌমা শহর ও এর আশপাশের এলাকা নিয়ন্ত্রণকারী জইশ আল ইসলাম ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তির ফলে ওই তালিকার ৫৫ জন রোগী ইতোমধ্যে এলাকা ছেড়ে যেতে পেরেছেন বলে জানা গেছে।

জইশ আল ইসলামের রাজনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান ইয়াসির দিলওয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এ পর্যন্ত চুক্তিটি ভালোভাবেই কার্যকর হচ্ছে।”

আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার যারা এলাকা ত্যাগ করেছে তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন, দুই বছর আগে সরকারি বাহিনীর এক হামলায় তিনি একটি পা, একটি হাত ও একটি চোখ হারিয়েছিলেন।

পরে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট (এসএআরসি) ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা পূর্ব গৌতার বেসামরিক বাসিন্দারা সরকার নিয়ন্ত্রিত আল ওয়াফিদীন চেকপয়েন্টে আসছেন এমন ছবি ইন্টারনেটে পোস্ট করেছে। এদের সবাইকে অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সানা।

এখানে পৌঁছানো এক বেসামরিক রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “সব লোক বের হতে সক্ষম হবে বলে আশা করছি। তারা সবাই বের হতে ইচ্ছুক, কিন্তু বিদ্রোহীরা তাদের বের হতে দিচ্ছে না। এটা আমাদের ওপর নির্ভর করছে না।”

অসুস্থ ও আহতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার খাদ্য ও চিকিৎসা ত্রাণবাহী ২৫টি লরির একটি বহর পূর্ব দৌমায় প্রবেশে করবে বলে জানিয়েছে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট।