২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচর হত্যাচেষ্টা: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্য

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যা চেষ্টায় রাশিয়াকে দায়ী করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 08:34 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

হত্যাচেষ্টা সম্পর্কিত সর্বশেষ গোয়েন্দা তথ্য নিয়ে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার বৈঠকে বসছে। এ বৈঠক থেকেই ঘটনাটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে।

গত ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ওপর নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে পরে পুলিশ নিশ্চিত করে।

এ ঘটনায় রাশিয়ার হাত থাকার অভিযোগ খতিয়ে দেখে নিশ্চিত করা এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র ওপর চাপ বাড়ছে।

যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাচেষ্টায় রাশিয়ার যোগসূত্র পাওয়া গেলে ব্রিটিশ সরকার মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনীতিক বহিষ্কার করাসহ একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে।

যুক্তরাজ্য এ পদক্ষেপ নিলে সেই স্নায়ুযুদ্ধ যুগের পর এখন রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকবে।

কয়েকজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ পত্রপত্রিকাগুলো বলেছে, প্রধানমন্ত্রী টেরিজা মে সোমবারের বৈঠকের পর স্ক্রিপাল হত্যাচেষ্টাকে যুক্তরাজ্যের মাটিতে রাশিয়ার চালানো ‘রাষ্ট্র-পরিচালিত হামলা’ বলে ঘোষণা করাসহ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারেন।

আইনপ্রণেতা টম টুজেন্ডাট সোমবার বিবিসি’কে বলেছেন, স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক দিকে মারার চেষ্টা অনেকটাই রাষ্ট্রপরিচালিত হত্যাচেষ্টার মত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং প্রতিরক্ষামন্ত্রী গবিন উইলিয়ামসন মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মে’র ওপর চাপ সৃষ্টি করেছেন।

যুক্তরাজে্যর তদন্তে  থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হামলার অনুমোদন দিয়েছেন। তবে রাশিয়া এ ঘটনার দায় অস্বীকার করেছে।