‘ডিজিটাল যুদ্ধের’ স্বরূপ সন্ধানে ‘ওয়ার ইন ১৪০ ক্যারেক্টারস’
মারণাস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে লড়াইয়ের রূপ এখন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইসলামিক স্টেটের (আইএস) মতো উগ্র সংগঠনগুলোর সমর্থক খোঁজা আর যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ফেইসবুকে রাশিয়ার মিথ্যা তথ্য ছড়ানোর মতো ঘটনার পর যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণের বিষয়টি সামনে চলে এসেছে।
ডিজিটাল দুনিয়া দ্বন্দ্ব-সংঘাতের সময়গুলোতে কীভাবে প্রভাব ফেলছে, আর আধুনিক যুদ্ধের গল্প তৈরি করছে তা উঠে এসেছে সাংবাদিক ডেভিড প্যাট্রিকারাকোসের ‘ওয়ার ইন ১৪০ ক্যারেক্টার্স: হাউ সোসাল মিডিয়া ইজ রিশেপিং কনফ্লিক্ট ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ নামের নতুন বইয়ে।
রাশিয়া-ইউক্রেইন সংঘাতের প্রসঙ্গে প্যাট্রিকারাকোস লিখেছেন, “যুদ্ধের সময়ে সাধারণত ধারণা করা হয়, যুদ্ধক্ষেত্রে সামরিক কর্মকাণ্ডের সমর্থনেই তথ্যের প্রচার করা হয়, কিন্তু ইউক্রেইনে এটা পরিষ্কার হয়েছে যে, মাঠের সামরিক কর্মকাণ্ডই টেলিভিশন এবং সাইবারজগতে প্রচারভিযানকে সমর্থন জোগাচ্ছে।”
২০১৪ সালের মার্চে রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়া নিজ ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে নিলে দুই পক্ষ সংঘাতে জড়ায়।
ওই যুদ্ধক্ষেত্রের সংবাদসংগ্রহে কাজ করা সাংবাদিক প্যাট্রিকারাকোসের অনুসন্ধানে উঠে এসেছে কীভাবে যুদ্ধের তথ্যগুলো গণমাধ্যমে আসার অনেক আগেই টুইটারে ছড়িয়ে পড়েছিল।
বইয়ে এক জনসংযোগ কর্মকর্তার কথা বলা হয়েছে, যার ফেইসবুক অ্যাকাউন্ট ইউক্রেইন সেনাবাহিনীর রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ক্রিমিয়ায় যখন রাশিয়ার সেনা আর বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেইনের সেনারা লড়ছিল, তখন তাদের সমর্থনে ফেইসবুকে প্রচার চালিয়েছিলেন আনা সান্দালোভা নামের ওই নারী কর্মকর্তা। তার সেই চেষ্টাতেই নাইটভিশন চশমা, সেনাদের পোশাক এবং একটি অ্যাম্বুলেন্স কেনার জন্য ১৩ লাখ ডলার সংগ্রহ করা হয়েছিল।
প্যাট্রিকারাকোসের বইয়ের একটি অধ্যায় উৎসর্গ করা হয়েছে ফারাহ বাকের নামের এক ফিলিস্তিনি কিশোরকে। এই কিশোরী ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় ৫১ দিন ধরে টুইটার লাইভে নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন।
তার এই চেষ্টা ঠিকই আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। মূলধারার গণমাধ্যমগুলো তার নিজের চোখে দেখা যুদ্ধ অভিজ্ঞতার কথা প্রচার করেছে। প্যাট্রিকারাকোসের ভাষায়, সে সময় গণমাধ্যম যেন তার ‘জনসংযোগ প্রতিনিধি’ হয়ে উঠেছিল।
যদিও ফিলিস্তিনিদের রকেটগুলো ইসরাইলকে থামাতে পারেনি, তারপরও ফরাহ বাকেরের তৎপরতায় সেই সুযোগ তৈরি হয়েছিল।
প্যাট্রিকারাকোস বলছেন, বিবদমান দেশগুলো এখন পাল্টা আঘাত করা শিখছে।
তার বইয়ে এক ইসরাইলি সেনার কথা বলা হয়েছে, যে তার শীর্ষ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল চিরাচরিত লড়াই বন্ধ করতে। সে নিজের বাহিনীর পক্ষে প্রচার চালাতে ইউটিউব এবং টুইটার অ্যাকাউন্টও খুলেছে। অবশেষে ২০১৪ সালে শীর্ষ সেনা কর্মকর্তারা তার কথা কানে তোলেন এবং এখন আইডিএফ ফেইসবুক পেইজটিতে ননা ধরনের প্রচারণা পাশাপাশি ভিডিওচিত্র প্রচার করা হয়।
ডিজিটাল যুদ্ধের কৌশল খুব দ্রুত গ্রহণ করেছে, এমন একটি দেশ হচ্ছে রাশিয়া। ইউক্রেইনের সঙ্গে সংঘাতের সময় দেশটি বেশ ব্যাপক আকারে মিথা তথ্য ছড়ায়। এরপর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকেও তারা লক্ষ্যবস্তু করে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ রয়েছে।
প্যাট্রিকারাকোসের বইয়ে রাশিয়ার একটি ‘ট্রল ফার্মের’ এক কর্মীর কথা বলা হয়েছে, যিনি ভুয়া ব্লগ এবং সাইট তৈরি করতেন।
ভুয়া সাইটগুলো ইউক্রেইনের মিথ্যা সূত্র উল্লেখ করে সংবাদ প্রচার করতে আর মিথ্যাগুলোকে বিশ্বসযোগ্য করতে এমনভাবে সাজানো বক্তব্য উপস্থাপন করা হত, যা শুনে রাশিয়া সমর্থক বিদ্রোহীরা উত্তেজিত হয়ে উঠতো।
তবে প্যাট্রিকারাকোস বলছেন, এ ধরনের প্রচারণা রাশিয়ার পক্ষে সমর্থন জোগাড়ের জন্য করা হয়নি।
“কিন্তু পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, বিভ্রান্ত করতে এবং হতবুদ্ধি করে দিতে করা হয়েছিল।”
প্যাট্রিকারাকোসের বইটি সময়োপযোগী হলেও খুব এর বিষয়বস্তু পুরনো হয়ে গেছে। ‘ওয়ার ইন ১৪০ ক্যারেক্টার্স’ কারও কারও বইয়ের তাকে স্থান করে নিলেও টুইটার এরই মধ্যে এর স্ট্যাটাসে বর্ণের সংখ্যা বাড়িয়ে ২৮০ করে ফেলেছে।
দ্য ডেইলি বিস্টের কন্ট্রিবিউটিং এডিটর এবং ‘পলিটিকো’র লেখক প্যাট্রিকারাকোস ‘নিউক্লিয়ার ইরান: দ্য বার্থ অফ অ্যান অ্যাটোমিক স্টেট’রও লেখক।
