যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ে ৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এক শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।
শনিবার ঝড়টি ওই এলাকা থেকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ঝড়টি যে পথে এগিয়ে গেছে সেই এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে, ঝড় সরে যাওয়ার পরও ওই এলাকাগুলোতে তীব্র হওয়া বইছে।
আকাশ পরিষ্কার হয়ে ওঠাতে তুষার ও বৃষ্টিপাত কমে গেছে, কিন্তু ওই অঞ্চলজুড়ে প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইছে এবং শনিবার সারাদিনই এ অবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ।
ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভরা জোয়ারের কারণে বস্টন ও নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলোর সড়কগুলো সাগরের পানিতে তলিয়ে গেছে। এতে এই এলাকাগুলো চলতি বছরেই দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার ঘন্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে। শনিবার সকালে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যপশ্চিমাঞ্চলের প্রায় ২৪ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল।
শনিবার রাতের মধ্যে কিংবা রোববারও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক নাও হতে পারে বলে ভোক্তাদের সতর্ক করেছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি।
ভার্জিনিয়ার গভর্নর র্যালফ নর্থাম এবং মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান জরুরি অবস্থা জারি করেছেন।
এক বিবৃতিতে লোকজনকে সাধারণ জ্ঞান ব্যবহার করে সব সতর্কতা মেনে চলে বাড়িতে অবস্থান করার ও রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর হোগান।
ঝড়ের সময় উপড়ে পড়া গাছের আঘাতে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও পুলিশ। নিহতদের মধ্যে দুটি বালক রয়েছে।
ঝড়ের কারণে নিউ ইয়র্ক ও পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যে ৪৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি পূর্বাভাস প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার।
ঝড়ের কারণে নিউ ইয়র্কের তিনটি বড় বিমানবন্দর ও বস্টন বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার ডটকম।
লাইনের ওপর গাছ পড়ে থাকায় শনিবার এক ডজনেরও বেশি ট্রেন সূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে অ্যামট্রাক।
