২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যেও গৌতায় সরকারি বাহিনীর স্থল হামলা

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা পুনর্দখলের চেষ্টায় রাশিয়ার দৈনিক ৫ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও সেখানে স্থল হামলা শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Feb 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, বুধবার সিরীয় বাহিনী গৌতার পূর্বপ্রান্তের হাবশ আল-দাওয়াহরার দিকে অগ্রসর হয়েছে। এ এলাকা লক্ষ্য করেই চলছে স্থল হামলা।

বলা হচ্ছে, এ হামলা ২৫ ফেব্রুয়ারিতে প্রথম শুরু হওয়া হামলারই পুনরাবৃত্তি। ওই হামলায় বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সরকারি বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক সামরিক জোটের কমান্ডার বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনীর ‘টাইগার ফোর্স’ নামক এক এলিট ইউনিট হামলায় অংশ নিচ্ছে। তবে এ পর্যন্ত হামলায় অগ্রযাত্রা হয়েছে খুব কমই।

পূর্ব গৌতার বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক কর্মকর্তা বলেছেন, যোদ্ধারা সরকারি বাহিনীর প্রবেশ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিরীয় বাহিনী ও এর মিত্ররা গত ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ব গৌতায় বড় ধরনের অভিযান শুরু করেছে। সিরিয়ায় প্রায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে পূর্ব গৌতায় এত মারাত্মক বোমাবর্ষণ আগে কখনও হয়নি।

সেখানে গত ১১ দিন ধরে চলা যুদ্ধে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, পূর্ব গৌতায় প্রায় চার লাখ মানুষ বসবাস করে। সর্বশেষ অভিযানের কারণে যাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

ত্রাণ সহায়তা পৌঁছানো এবং অসুস্থ ও আহতদের সরিয়ে নিতে গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পূর্ব গৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করে।

ওই অনুমোদন উপেক্ষা করেই যুদ্ধ চলেছে। মস্কো এবং দামেস্ক উভয়ই বলেছে, তারা যুদ্ধবিরতির আওতার বাইরের দলগুলোর সদস্য এবং নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়ছে

ফ্রান্স এবং জার্মানি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য সিরিয়া সরকারকে চাপ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানানোর পর সোমবার রাশিয়া নিজস্ব একটি প্রস্তাব দেয়। সে অনুযায়ী, পূর্ব গৌতায় প্রতিদিন ৫ ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু তারপরও যুদ্ধ থামেনি। বিদ্রোহীরা যুদ্ধবিরতির সময় বিমান ও গোলা হামলা চালানোর জন্য সরকারকে দায়ী করছে। আর সিরিয়ার রাষ্ট্রীয় টিভি ‘মানবিক করিডরে’ গোলা হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করছে।

সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পূর্ব গৌতার বেসামরিক, অসুস্থ ও আহত লোকজনদের এলাকা ছাড়ার সুযোগ দিতে বুধবার দ্বিতীয় দিনের মত ‘মানবিক করিডর’ খোলা ছিল।

কিন্তু মঙ্গল বা বুধবার সেখান দিয়ে কোনো বেসামরিক মানুষকে বেরিয়ে যেতে দেখা যায়নি বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, সিরিয়া সরকারের ভয়েই বেসামরিক লোকজন পূর্ব গৌতা ছাড়ছে না।

রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতাই বিদ্রোহীদের সবচেয়ে শক্তঘাঁটি।