জার্মানির গির্জায় ‘হিটলারের ঘণ্টা’ থাকছে
দক্ষিণ-পশ্চিম জার্মানির হেরসাইম আম ব্যার্গ শহরের কাউন্সিলররা স্থানীয় একটি গির্জায় হিটলারের নাম লেখা নাৎসি আমলের একটি ঘণ্টা রেখে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
এর ফলে কট্টরপন্থি দলগুলোর উত্থান আরও বাড়বে বলে আশংকা করছেন স্থানীয়রা৷
সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম জার্মানির ছোট্ট গ্রামটিতে নাৎসি আমলের ওই ঘণ্টা রাখার পক্ষে ভোট দেন ১০ জন কাউন্সিলর, বিপক্ষে ভোট পড়ে মাত্র তিনটি৷
সেই ঘণ্টায় লেখা রয়েছে, ‘পিতৃভূমির জন্য সবকিছু–আডলফ হিটলার', যেটি এখন ওই গির্জায় ঝুলবে৷
হাইডেলবার্গ থেকে ৫০ কিলোমিটার দূরে হেরসাইম আম ব্যার্গ গ্রাম৷ পক্ষে ভোট দেয়া কাউন্সিলরদের বক্তব্য হল, ঘণ্টার ওই স্বস্তিকা চিহ্ন সেই সময়ের সহিংসতা আর অন্যায়ের কথা মানুষকে মনে করিয়ে দেবে এবং মানুষকে অহিংস হওয়ার পথে উদ্বুদ্ধ করবে৷
তবে বেশ কিছু বাসিন্দা এর প্রতিবাদ করে ঘণ্টাটিকে নষ্ট করে ফেলার আহ্বান জানিয়েছিলেন৷ স্থানীয় এক প্রোটেস্ট্যান্ট চার্চ নতুন একটি ঘণ্টা লাগানোর খরচ বহন করারও প্রস্তাব দিয়েছিল৷
১৯৩৪ সাল থেকে ওই চার্চে ঘণ্টাটি ঝুলছে৷ এতদিন ঘণ্টাটির কথা কারো খেয়াল হয়নি৷ সম্প্রতি চার্চের এক প্রাক্তন অর্গ্যান বাদক সিগরিদ পেটার্স ঘণ্টারওপরের লেখা নিয়ে অভিযোগ তোলেন৷ তারপরই বিষয়টি সবার নজরে আসে৷
সংবাদ সংস্থা ডিপিএকে সিগরিদ বলেছেন, ‘‘আমি কখনোই চাইব না এমন একটি স্থানে কোনো শিশুর ব্যাপটিজম হোক, যেখানে লেখা থাকবে ‘পিতৃভূমির জন্য সবকিছু'৷''
গ্রামের অনেক বাসিন্দাই মনে করেন, ঘণ্টাটি এত সুন্দর চার্চের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং এর অস্তিত্ব নাৎসিপন্থি দলগুলোর কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে৷
অন্য পক্ষের যুক্তি হল, এর অপসারণ শহরের ইতিহাসকে ঢেকে ফেলার শামিল৷
নাৎসিপন্থি ঘটনার জের ধরে এই শহরের সাবেক মেয়রকে পদত্যাগ করতে হয়েছিল৷ তিনি বলেছিলেন, নাৎসি আমলের সব কিছু খারাপ ছিল না৷ তার ওই মন্তব্যে এতটাই প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে, তিনি পদত্যাগে বাধ্য হন৷
কয়েক মাস আগেও চার্চে ঘণ্টা রাখার প্রশ্নে ভোটাভুটিতে ‘না'-এর পক্ষেই মতামত দিয়েছিলেন বেশিরভাগ মানুষ৷
