যুক্তরাষ্ট্রে ‘চিঠি খোলার পর’ তিন ব্যক্তি হাসপাতালে
ডাকে আসা একটি চিঠি খোলার পর যুক্তরাষ্ট্রের আর্লিংটনের সামরিক ঘাঁটির তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর।
স্থানীয় দমকল বাহিনী ও সামরিক ঘাঁটির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, চিঠি খোলার পর মোট ১১ ব্যক্তি অসুস্থ বোধ করার কথা জানান। এদের মধ্যে তিনজনকে পরে হাসপাতালে নেওয়া হয়।
“কেউ একজন চিঠিটি খোলেন, তারপরই দপ্তরের সবাই অসুস্থ বোধ করতে শুরু করেন,” বলেন মায়ার-হেন্ডারসন হল যৌথ ঘাঁটির মুখপাত্র লিয়েহ রুবালকাবা।
হাসপাতালে নেওয়া তিন ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে টুইটারে দেওয়া বিবৃতিতে জানিয়েছে আর্লিংটনের ফায়ার ডিপার্টমেন্ট।
ওয়াশিংটনের কাছে আর্লিংটনের ওই ঘাঁটির মেরিন কোর এলাকার একটি দপ্তরে চিঠিটি খোলা হয়েছিল।
“খামের মধ্যে একটি অজ্ঞাত বস্তু পাওয়া যায়,” এক বিবৃতিতে বলেছে মেরিন কোর।
ঘটনার পর ভবনটি ‘পরিষ্কার’ করা হয়েছে এবং চিঠিটি সরিয়ে ফেলা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
মার্কিন নৌ অপরাধ তদন্ত সংস্থা ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটির যৌথ তদন্ত শুরু করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
