ইরানি উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, কেউ বেঁচে নেই
ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, কিন্তু ৬৫ জন আরোহীর কাউকে জীবিত পাওয়া যায়নি।
উদ্ধারকারীদের যে দলটি প্রথমবারের মতো ঘটনাস্থলে কাছাকাছি পৌঁছেছে মঙ্গলবার তারাই এ কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
অধিকাংশ আরোহীর মৃতদেহ তুষারের নিচে চাপা পড়ে আছে বলেও জানিয়েছেন তারা।
আসেমান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রোববার সকালে তেহরান থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজে পথে রওনা হওয়ার ৫০ মিনিট পর রাডার থেকে হারিয়ে যায়।
মঙ্গলবার সকালে ইরানের সামরিক বাহিনীর একটি উদ্ধারকারী দল মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের পার্বত্য এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।
বার্তা সংস্থা তাসনিমকে ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তার জানিয়েছেন, উড়োজাহাজটির একটি অংশ কেবল দেখা যাচ্ছে, বাকি অংশ হিমবাহের গভীরে ঢুকে গেছে।
উদ্ধারকারী দল ৩০টি মৃতদেহ দেখেছে এবং অন্যান্যদের মৃতদেহ তুষারের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধারকারী একটি হেলিকপ্টারের পাইলট বলেছেন, “উড়োজাহাজটি পর্বতের শীর্ষে আঘাত করার পর ৩০ মিটার নিচে গিয়ে পড়েছে।”
হিমবাহের তাপমাত্রা ও সাড়ে চার হাজার মিটার উঁচু পর্বতের ঢালুতে উড়োজাহাজটি পড়ায় অনুসন্ধান ও উদ্ধার কাজ কঠিন হয়ে গেছে।
ইরানের বিপ্লবী রক্ষীদলের মুখপাত্র রামেজান শরীফ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি ড্রোন উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।
জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলটি পর্বতের খাড়া ঢালে হওয়ার কারণে সেখানে হেলিকপ্টার নামতে পারছে না, পাঁয়ে হেঁটেই ঘটনাস্থলে যেতে হবে।
তাই নিহতদের লাশ উদ্ধার করতে কিছুটা সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।
অনুসন্ধান ও উদ্ধার কাজে দেরি হওয়ার নিহতদের ক্ষুব্ধ স্বজনরা সোমবার ঘটনাস্থলের নিকটবর্তী দেনা কুহতে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে রয়টার্স। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক লোক অনুসন্ধান ও উদ্ধার কাজের সঙ্গে জড়িত কমকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।
