যৌন হয়রানি বিরোধী প্রচারে এমা ওয়াটসনের ১০ লাখ পাউন্ড
হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন যৌন হয়রানির বিরুদ্ধে নতুন প্রচার তহবিলে ১০ লাখ পাউন্ড দান করেছেন। যৌন হয়রানির শিকার হওয়াদের সহায়তা করতে এ তহবিল গঠন করা হয়েছে।
কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে ২শ’রও বেশি ব্রিটিশ এবং আইরিশ অভিনেত্রী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করার পর এমাওয়াটসন এ অনুদান দিলেন।
‘দ্য অবজারভার’ পত্রিকায় প্রকাশিত ওই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারা।
রোববার রাতে লন্ডনে বাফটা অ্যাওয়ার্ডস আসর বসছে। যৌন হয়রানরি প্রতিবাদ জানাতে তারকারা এদিন লাল গালিচায় কালো পোশাক পরে হাজির হবেন। এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কালো পোশাক পরেছিলেন তারা।
খোলা চিঠিতে স্বাক্ষরকারী নারীরাসহ ১৬০ জনের একটি সংগঠন, যার মধ্যে দাতব্য কর্মীসহ অন্যান্য আন্দোলনকর্মী, শিক্ষক ও পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা সবাই মিলে যৌন হয়রানির শিকার হওয়াদের সহায়তা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গড়ে তুলেছেন নতুন প্রচার তহবিল।
এমা ওয়াটসনসহ আরো অনেক তারকাই এ তহবিলে অনুদান দিয়েছেন।
হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই অভিনেত্রীরা মুখ খুলছেন। যৌন হয়রানি বন্ধে হলিউডে শুরু হওয়া আন্দোলনের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। যৌন হয়রানির বিরুদ্ধে এখন সোচ্চার হচ্ছেন অনেকেই।
