২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার স্কুলে গুলিবর্ষণকারী ‘বন্দুক পাগল’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলে গুলিবর্ষণে ১৭ জনকে হত্যায় দায়ে গ্রেপ্তার সন্দেহভাজনকে শৃঙ্খলাজনিত কারণে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 12:05 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সে অস্থির চিত্তের এক তরুণ এবং বন্দুক ভালোবাসত বলে জানিয়েছেন তার সাবেক সহপাঠিরা।

ব্রোয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানিয়েছেন, পার্কল্যান্ডের ওই স্কুলটিতে গুলিবর্ষণ তাণ্ডবের প্রায় এক ঘন্টা পর ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ সময় তার কাছে অনেকগুলো গুলিভর্তি ম্যাগজিনসহ একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া যায়।

ক্রুজের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যাদের সঙ্গে ও যেসব বিষয়ের সঙ্গে যুক্ত ছিল তারা সেগুলো খতিয়ে দেখা শুরু করেছেন বলে জানিয়েছেন ইসরায়েল। এগুলোর কোনো কোনোটি ‘খুব উদ্বিগ্ন’ হওয়ার মতো বলে জানিয়েছেন তিনি। 

ডগালাস হাই স্কুলের সিনিয়র শিক্ষার্থী ১৮ বছর বয়সী শ্যাড উইলিয়ামস জানিয়েছেন, মাধ্যমিক স্কুল থেকেই ক্রুজ বিভিন্ন সমস্যা তৈরি করছিল।

Image
গুলিবর্ষণকারী নিকোলাস ক্রুজ

গুলিবর্ষণকারী নিকোলাস ক্রুজ

ক্রুজ স্কুলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিতো আর দিনের পর দিন সে একই কাজ করতো বলে জানিয়েছেন তিনি। পরে অষ্টম গ্রেডে ওঠার পর তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

কিছুদিন আগে স্কুলে ক্রুজকে বন্দুক বিষয়ক কয়েকটি প্রকাশনা হাতে দেখেন উইলিয়ামস। ক্রুজ তার কোনো ছোট ভাইকে স্কুল থেকে নিতে এসেছে, তাকে স্কুলে দেখে এমনটাই ভেবেছিলেন উইলিয়ামস। 

স্কুলের কাছের রাস্তাটির পাশে দাঁড়িয়ে উইলিয়ামস রয়টার্সকে বলেন, “সে বন্দুকের জন্য পাগল ছিল। সে অসামাজিক ধরনের ছিল। তার খুব বেশি বন্ধু ছিল না। মজা পাওয়ার জন্য সে যেকোনো পাগলামি করতে পারতো, কিন্তু তার সমস্যা ছিল।”

১৯ বছর বয়সী জিলিয়ান ডেভিস জানান, নবম গ্রেডে থাকার সময় তিনি ক্রুজের সঙ্গে স্কুলের জুনিয়র রিজার্ভ অফিসার ট্রেনিং কোরে (জেআরওটিসি) ছিলেন। ক্রুজকে শান্তু ও লাজুক ছেলে বলে বর্ণনা করেছেন তিনি, তবে ক্রুজ রাগান্বিত হলে পুরোপুরি বদলে যেত বলেও জানিয়েছেন।

রয়টার্সকে তিনি জানান, ক্রুজ বন্দুক ও ছুরি নিয়ে অনেক কথা বলত, কিন্তু কেউ তাকে পাত্তা দিত না। 

Image
ইনস্টগ্রামে নিজের এই ধরনের ছবি তুলেছিলেন নিকোলাস ক্রুজ

ইনস্টগ্রামে নিজের এই ধরনের ছবি তুলেছিলেন নিকোলাস ক্রুজ

ডেভিস বলেছেন, “আমি বলতে পারি, জেআরওটিসির তরুণদের মধ্যে সে সবচেয়ে স্বাভাবিক বা প্রকৃতিস্থ ছিল না। নিঃসন্দেহে তার কোনো একটা ঘাটতি ছিল। সে কিছুট বিচিত্র ধরনের ছিল।”

ডগলাস স্কুলের অঙ্কের শিক্ষক জিম গাড মিয়ামি হেরাল্ডকে জানিয়েছেন, ব্যাকপ্যাক বহন করার সময় স্কুল ক্যাম্পাসে ক্রুজের প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।     

“গত বছর সে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার পর সমস্যা হয়েছিল, আমার যতদূর মনে হয় তাকে স্কুল ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছিল,” বলেছেন তিনি।

ক্রুজের বিষয়ে একটি ইমেইল পাঠিয়ে কর্তৃপক্ষ শিক্ষকদের সতর্ক করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।