২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৪, বন্দুকধারীর আত্মহত্যা

আত্মহত্যা করেছে বলে ধারণা করা এক সন্দেহভাজন বন্দুকধারীসহ যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 01:10 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

কেনটাকি অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের দুটি জায়গায় গোলাগুলির ঘটনাগুলো ঘটেছে বলে রোববার জানিয়েছে পুলিশ। 

ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে জনসন কাউন্টির শেরিফ ডোয়াইন প্রাইস জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে ৯১১ এ পুলিশের কাছে একটি কল আসে, তাতে জানানো হয়, পেইন্টসভেলের কাছে একটি গ্রামীণ বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এলাকাটি লুইভিল থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে গিয়ে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়ার পর গুলিবর্ষণকারীকে খুঁজতে শুরু করে।

পরে ৯১১ এ আসা আরেকটি কলের সূত্র ধরে পুলিশ ও শেরিফের ডেপুটিরা পেইন্টসভেলের একটি অ্যাপার্টমেন্টে হাজির হন, সেখানে গুলিতে মারাত্মক আহত আরো তিন ব্যক্তিকে পান, এদের মধ্যে ওই বন্দুকধারীও ছিল বলে বিবৃতিতে জানিয়েছেন প্রাইস।

কর্মকর্তারা ওই বন্দুকধারীকে যোশেফ নিকেল বলে সনাক্ত করেছেন, তবে তার বিষয়ে আর কিছু জানানো হয়নি।

নিহতদের মধ্যে গ্রামের বাড়িতে নিহত দুজনকে যোশেফের বাবা-মা এবং পেইন্টভেলের অ্যাপার্টমেন্টে নিহত দুজনের মধ্যে একজনকে তার বান্ধবী ও অপরজনকে বান্ধবীর মা বলে শনাক্ত করেছে পুলিশ।

শেরিফ প্রাইস জানিয়েছেন, তার ৩৪ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতায় সবচেয়ে পীড়াদায়ক সহিংস ঘটনাগুলোর মধ্যে এ ঘটনাটি অন্যতম।