জম্মুতে শিশু ধর্ষণ ও হত্যায় পুলিশ গ্রেপ্তার
ভারতের জম্মুতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) দীপক খুজারিয়া হীরা নগর থানায় দায়িত্বরত ছিলেন।
গত ১০ জানুয়ারি জাম্মুর কাঠুয়া জেলার একটি যাযাবর পরিবার তাদের আট বছরের মেয়েকে খুঁজে না পেয়ে হীরা নগর থানায় নিখোঁজ ডাইরি করে।
সাত দিন পর পুলিশ তার মৃতদেহ খুঁজে পায় বলে জানায় এনডিটিভি। পুলিশের যে দলটি শিশুটির খোঁজে অভিযান চালিয়েছে দীপক সেই দলে ছিলেন।
ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে একাধিকবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ খবর জানার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২১ জানুয়ারি যাযাবর সম্প্রদায়ের লোকজন থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
দীপকই প্রথম তাদের লাঠিপেটা শুরু করেছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।
পরে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ একটি দল মামলার তদন্ত করে দীপক এবং আরও এক কিশোরকে গ্রেপ্তার করে।
ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা অলোক পুরি বলেন, “আমরা এ ঘটনায় দীপকের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। এই ধর্ষণ ও হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল, যার প্রমাণও আমাদের হাতে আছে।”
রাসান গ্রামে শিশুটি ঘোড়া চরাচ্ছিল। সেখান থেকেই দীপক তাকে অপহরণ করে এবং সাত দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যা করে।
