চীনে নির্মীয়মাণ পাতাল রেলের সুড়ঙ্গ ধসে নিহত ৮
চীনের দক্ষিণাঞ্চলে নির্মীয়মাণ নতুন একটি পাতাল রেলের সুড়ঙ্গ ধসে আটজন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার এ ঘটনায় আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ফোশান শহরের পরিবহন ব্যুরো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের এই শহরটিতেই নতুন ওই পাতাল রেল লাইনটি তৈরি করা হচ্ছে। এটি শহরটির দ্বিতীয় পাতাল রেল লাইন।
এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন বলে ওই পরিবহন ব্যুরোর বরাতে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর একটি রাস্তা ও সংলগ্ন ফুটপাত ধসে পড়েছে এবং লাইন দেওয়া সড়কবাতিগুলো ভেঙে পড়েছে। নিকটবর্তী বাস স্টপের কাছে বড় একটি গর্ত তৈরি হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে ও ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফোশানের পরিবহন ব্যুরো।
