শ্রীনগর হাসপাতালে জঙ্গি হামলায় দুই পুলিশ নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরের মহারাজা হরি সিং হাসপাতালে জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
হাসপাতালে গুলিবৃষ্টির পর পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এনডিটিভি জানায়, মঙ্গলবার সকালে বন্দি পাকিস্তানি জঙ্গি নাভিদ জাটসহ আরো এক জঙ্গিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
হাসপাতাল প্রাঙ্গণের ঠিক সামনে এক ব্যক্তি নাভিদের পাহারায় থাকা দুই কনস্টেবলকে গুলি করে বলে জানান শ্রীনগর পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক ইমতিয়াজ ইসমাইল। গুলিবিদ্ধ দুই কনস্টেবলই মারা গেছেন।
গোলমেলে পরিস্থিতিতে নাভিদ পালিয়েছে। তিন জঙ্গিই মটরসাইকেলে করে পালিয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গুলাম হাসান ভাট।
পুলিশ হাসপতালটি ঘিরে রেখেছে। যদিও সেখানে জরুরি চিকিৎসা সেবা চলছে।
কাশ্মিরে কয়েকটি সন্ত্রাসী হামলা, বিশেষ করে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা একজন শিক্ষককে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালে নাভিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বিশ্বাস, নাভিদ কাশ্মিরে অন্তত সাত পুলিশ হত্যার সঙ্গেও জড়িত। আবু হানজুল্লাহ নামেও পরিচিত নাভিদের বাড়ি পাকিস্তানের মুলতানে।
তিনি কাশ্মিরে লস্কর-ই-তায়েবার সাবেক প্রধান আবু কাসিমের ঘনিষ্ঠজন ছিল বলেও বিশ্বাস পুলিশের। ২০১৫ সালে সেনা অভিযানে নিহত হন আবু কাসিম।
