২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

সুপ্রিম কোর্টের আদেশ মেনে বিরোধীদলের নেতাদের মুক্তি না দেওয়ায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছেন মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী হুসাইন রশিদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2018, 09:12 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন।

গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপি’কে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদণ্ড দেওয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দ্যেশ প্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

আদালতের ওই রায়ের পর বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগোরিষ্ঠ দলে পরিণত হয়।

প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন সুপ্রিম কোর্টের আদেশ মানবেন না বলে জানিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে দেন।

ইয়ামিন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী রশিদই প্রথম যিনি সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন।

রশিদ তার পদত্যাগপত্রে লেখেন, “দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সরকার যেভাবে অমান্য করছে সেটি মুখ বুঝে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না।”