আলঙ্কারিক রাষ্ট্রপ্রধানকে দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে উত্তর
উত্তর কোরিয়া গত কয়েক বছরের মধ্যে তাদের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে।
শীতকালীন অলিম্পিক চলাকালে দুইদেশের মধ্যে উত্তেজনা প্রশমণের লক্ষ্যেই উত্তর কোরিয়ার আলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম শুক্রবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
সফরে কিমের সঙ্গে ২২ জনের একটি প্রতিনিধি দল থাকবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়।
কিম ইয়ং ন্যাম উত্তর কোরিয়ার পার্লামেন্টের প্রধান এবং গত চার বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া উত্তরের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ ব্লু হাউস থেকে অনামা এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তাদের বিশ্বাস এই সফর দুই কোরিয়ার আন্তঃসম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উত্তর কোরিয়ার সদিচ্ছার প্রতিফলন এবং তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ।
উত্তর কোরিয়ার তিন কর্মকর্তা ও তাদের ১৮ জন সহযোগীর একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন কিম, জানিয়েছে দক্ষিণের একত্রীকরণ মন্ত্রণালয়।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় কাউন্টি পাইঅংছাং এ এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধীন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে কিম উপস্থিত থাকবেন কিনা তা অবশ্য জানায়নি মন্ত্রণালয়টি। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত থাকবেন।
দুই কোরিয়ার ক্রীড়াবিদরা একটি পতাকার তলে সমবেত হয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ করবেন বলে জানিয়েছে বিবিসি।
