২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর দেড় ডলার বেতন বাড়ায় নেতার উচ্ছ্বসিত টুইট, পরে ডিলিট

যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক কর সংস্কারের কারণে একটি স্কুলের সেক্রেটারির সাপ্তাহিক বেতন দেড় ডলার বেড়েছে, এমন একটি খবরে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছিলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান স্পিকার পল রায়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 01:52 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

কিন্তু তীব্র সমালোচনার মুখে ওই টুইটটি মুছে দিতে বাধ্য হয়েছেন তিনি, খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

সাধারণ মার্কিনিদের বিষয়ে প্রভাবশালী এ রিপাবলিকান নেতার কোনো ধারণা নেই, দেড় ডলার বেতন বাড়া উল্লেখযোগ্য কোনো বেতন বৃদ্ধি নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এমন সমালোচনার মুখে শনিবার নিজের ওই টুইট ডিলিট করে দেন রায়ান।

যুক্তরাষ্ট্রের বিরোধীদল ডেমোক্রেট নেতারাও রায়ানের তীব্র সমালোচনার করেছেন।

এসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন শেয়ার করে টুইটটি করেছিলেন রিপাবলিকান নেতা রায়ান, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কারের সুবিধা পাওয়া মার্কিন নাগরিকদের কথা বলা হয়েছে।

সেখানেই পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টারের পাবলিক হাইস্কুলের সেক্রেটারি জুলিয়া কেচামের প্রসঙ্গ আসে, কর সংস্কারের পর ‘সপ্তাহে দেড় ডলার বেতন বাড়ায়’ যিনি বিস্মিত হওয়ার কথা জানান।

“পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টারের একটি পাবলিক হাইস্কুলের সেক্রেটারি সপ্তাহে দেড় ডলার বেতন বাড়ায় বিস্মিত হয়েছেন, এটি তার পুরো বছরের কস্টকো মেম্বারশিপের খরচেরও বেশি বহন করবে বলেও জানিয়েছেন তিনি,” টুইটে বলেন রায়ান।

গৃহস্থালি ও পারিবারিক জিনিসপত্র ক্রয়ে যুক্তরাষ্ট্রজুড়ে কস্টকো মেম্বারশিপ কার্ডের বেশ চাহিদা।

চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া বিরাট কর সংস্কারের কারণেই কেচামের মতো অনেকের বেতন কিছুটা বেড়েছে বলে দাবি ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানদের। একই সংস্কারের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নতুন চাকরিখাত সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে বলেও ভাষ্য তাদের।

যদিও সমালোচকরা বলছেন, নতুন এ কর ব্যবস্থাপনা ধনীদেরই সবচেয়ে বেশি সুবিধা দেবে, বাড়াবে জাতীয় ঋণ।

রায়ানের টুইটের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই তাকে জনগণের থেকে বিচ্ছিন্ন রাজনীতিক নেতা বলে অ্যাখ্যা দেন।

ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর গেভিন নিউসম টুইটে রায়ানকে উদ্দেশ্য করে বলেন, কাজ করা এক ব্যক্তির সপ্তাহে দেড় ডলার বেতন বাড়ায় নিজেকে (রায়ান) প্রশংসিত করার কিছু নেই।

সমালোচনার মুখে পরে রায়ান তার অ্যাকাউন্ট থেকে টুইটটি ডিলিট করে দেন। তারপরও সমালোচনা পিছু ছাড়ছে না প্রভাবশালী এ রিপাবলিকান নেতার।

“বিব্রতকর টুইটটি বাতিল করে ভয়ানক পরিস্থিতির স্বীকৃতি দিলেন পল রায়ান; কেননা তিনি এবং রিপাবলিকানরা আপনাকে সত্য জানতে দিতে চান না, যেটি হচ্ছে- এই কর কেলেঙ্কারি বহুজাতিক আমেরিকা ও শীর্ষ এক শতাংশের জন্য আপনার উপহার,” বলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলসি।

টুইটকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে রায়ানের দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।