ট্যাংক বানানোর পর গেল ড্রাইভিং লাইসেন্সটিও
শখের বসে নিজের পুরনো একটি ট্রাককে ট্যাংক বানিয়ে সড়কে নেমেছিলেন চীনের এক ব্যক্তি; পুলিশ তাকে আটক করার পর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে।
চীনা টেলিভিশন সিসিটিভিতে গুয়াংছি প্রদেশের হুয়াং নামে ওই ব্যক্তির এ্ই খবরটি প্রচারের তথ্য মিলেছে বিবিসিতে।
সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, লেইবিন শহরের হুয়াং গত দুই মাস ধরে পুরনো একটি ট্রাকের উপর নানা পরীক্ষা চালিয়ে এটিকে ট্যাংকের মতো করে তোলেন। কিন্তু সড়কে নামতে গেলেই ঘটে বিপত্তি।
গত ২২ জানুয়ারি হুয়াং স্বউদ্ভাবিত ট্যাংকটি নিয়ে সড়কে নামলে পুলিশ তাকে আটক করে।
সিসিটিভি জানিয়েছে, সড়ক নিরাপত্তা আইন ভাঙার জন্য তার ড্রাইভিং লাইসেন্সটি তো বাতিল হয়েছেই, সেই সঙ্গে জরিমানাও হয়েছে ২৭৮ ডলার।
হুয়াংয়ের সাধের ট্যাংকটি পুলিশ ধ্বংস করার সিদ্ধান্তও নিয়েছে।
এই বিষয়টি চীনে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। হুয়াংয়ের কাজের সমালোচনা যেমন অনেকে করেছেন, আবার কারও কারও কণ্ঠে তার প্রতি সহানুভূতিও ঝরেছে।
