ট্রাম্প দিচ্ছিলেন ভাষণ, তিনি খেলছিলেন ‘ক্যান্ডি ক্র্যাশ’
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ না শুনে মোবাইলে ক্যান্ডি ক্র্যাশ খেলার সময় ক্যামেরায়ও ধরা পড়েছেন ডেমোক্রেটিক দলের এক নেতা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মিসিগান থেকে নির্বাচিত সদস্য ব্রেন্ডা লরেন্স যথন ক্যান্ডি ক্রাশ খেলছিলেন, তখন আরও কয়েকজন কংগ্রেস সদস্যকে ভাষণ এড়িয়ে অন্য কাজে ব্যস্ত থাকার ছবিও প্রকাশ পেয়েছে।
গত মঙ্গলবার আইনসভায় ‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণ দেন ট্রাম্প। ওই সময় ভাষণে মনোযোগ না দিয়ে কংগ্রেস সদস্যদের অন্য কাজে মনোযোগী হওয়ার খবর এসেছে যুক্তরাজ্যের দৈনিক মেইলে।
ডেমোক্রেটিক পার্টির কালো নারীনেত্রী লরেন্সের মোবাইলে গেইমে ব্যস্ত থাকার ছবিটি রিপাবলিকান পার্টি তাদের টুইটার পাতায়ও তুলেছে।
ভাষণে যখন ট্রাম্প বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য প্রতিষ্ঠায় তার পরিকল্পনার কথা বলছিলেন, তখন নিজের আইফোনে ক্যান্ডি ক্র্যাশে ব্যস্ত ছিলেন ব্রেন্ডা।
ঠিক ওই সময় নিউ জার্সি থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য বনি ওয়াটসনকে টুইটারে ব্যস্ত থাকার ছবিও এসেছে। ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য নিয়ে নিজে যে টুইট করেছিলেন, তা উত্তর দেওয়ার জন্য প্রেসিডেন্টের ভাষণের সময়টিই বেছে নেন ওয়াটসন।
ঠিক ওই সময় প্রতিনিধি পরিষদের আরেক সদস্য জয়েস বেটিকে দেখা যায়, ভাষণ না শুনে তিনি একটি সংবাদ বিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত করতে ব্যস্ত।
স্টেট অব ইউনিয়ন ভাষণ নিয়ে কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্প- ছবি: রয়টার্স
প্রেসিডেন্টের ভাষণ বাদ দিয়ে অন্য দিকে মনোযোগী হওয়ার বিষয়ে ব্রেন্ডা ও ওয়াটসনের কোনো প্রতিক্রিয়া মেইল পায়নি।
তবে জয়েস বেটির মুখপাত্র যুক্তরাজ্যের দৈনিকটিকে বলেছেন, ওই ভাষণ তো আগেই সরবরাহ করা হয়েছিল কংগ্রেস সদস্যদের এবং সবাই তা পড়েও ফেলেছেন।
আর তাই ওই সময়টিতে ওই ভাষণের প্রতিক্রিয়া ঠিক করছিলেন বেটি ওয়াটসন, বলেছেন তার মুখপাত্র।
