২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে আট মাসের শিশুকে ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লিতে আট মাস বয়সী একটি মেয়ে শিশুকে তার চাচাতো ভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 12:06 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

রোববার সন্ধ্যায় সঙ্কটজনক অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, জানিয়েছে বিবিসি।

এনডিটিভি জানিয়েছে, গুরুতর আহত ও রক্তাক্ত শিশুটিকে বাঁচাতে তিন ঘন্টা ধরে অস্ত্রপচার করতে হয়।

শিশুটি এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, তারা কথিত অভিযুক্ত ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে, পেশায় সে দৈনিক মজুরি শ্রমিক।

রোববার ঘটনাটি ঘটলেও সোমবার স্থানীয় গণমাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়।

দিল্লির নারী কমিশনের প্রধান স্বাতি মালিওয়াল সোমবার রাতে শিশুটিকে দেখে এসে তার আঘাত ‘ভয়ঙ্কর’ বলে জানিয়েছেন।

এক টুইটে ভারতজুড়ে মেয়েদের রক্ষার জন্য ‘আরো কঠোর আইন ও আরো পুলিশ প্রয়োজন’ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি আবেদন করেছেন তিনি।

২০১২ সালে এই দিল্লিতেই যাত্রীবাহী একটি বাসে ২৩ বছর বয়সী এক তরুণীকে দলগত ধর্ষণের পর খুন করা হলে ভারতজুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। তারপর আইন পরিবর্তন করে যৌন সহিংসতার ধারা কঠোর করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

ভারতজুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংস যৌন আক্রমণের ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে খবর হচ্ছে।