২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির মিলানের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

ইতালির মিলান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক দমকল কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 03:08 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে শহরটির কন্ট্রোল রুম থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তিনি।

এক বিবৃতিতে রাষ্ট্রীয় রেল কোম্পানি ফেরোভিয়ে দেলো স্ত্যাতো জানিয়েছে, ত্রেনর্দ পরিচালিত একটি আঞ্চলিক ট্রেন মিলান থেকে ৪০ কিলোমিটার দূরে পিওলতেল্লো লিমিতো স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে।

বিবৃতিতে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে ঘটা দুর্ঘটনাটিতে দুইজন নিহত ও বহু আহত হয়েছেন।

ইতালির রাই নিউজ জানিয়েছে, ট্রেনটির একটি বগিতে আটকে পড়া কয়েকজন লোককে উদ্ধারের চেষ্টা করছেন দমকল কর্মীরা।

ত্রেনর্দ পরিচালিত ট্রেনটি ক্রেমনা থেকে মিলান যাচ্ছিল। দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়।