২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের রোহিঙ্গা শিবিরে অবাধ প্রবেশাধিকার চায় জাতিসংঘ

প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের নির্মাণ করা শিবিরগুলোতে ত্রাণ সংস্থাগুলোকে অবাধে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jan 2018, 07:25 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

রোহিঙ্গারা সেখানে ফিরে যাওয়ার আগেই জাতিসংঘ এ প্রবেশাধিকার চায়।

রয়টার্স বুধবার জানায়, মিয়ানমারের পরামর্শক আন্তর্জাতিক প্রতিনিধিদল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শহর মংডুর বাইরে রোহিঙ্গা মুসলিমদের জন্য নির্মিত তাউং পিও লেতউই শরণার্থী শিবির পরিদর্শন করেছে।

ভিডিওতে সিমেন্টের থামের উপর ‘পলিউডে’ তৈরি ঘর দেখা গেছে। পাথুরে ভূমিতে তৈরি ওই ক্যাম্পের চারপাশে উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া।

কিন্তু ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বলে মনে করে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ এক বিবৃতিতে বলেন, “যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে ফেরত যাওয়া কোনো শিশুর নিরাপত্তা ও ভাল থাকার বিষয়টি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যাবাসন আলোচনা অপরিপক্কই থাকবে।”

মিয়ানমারে এখনও ত্রাণ সংস্থা, সংবাদমাধ্যম এবং স্বাধীন পর্যবেক্ষক দলের প্রবেশে বিভিন্ন বাধা-নিষেধ আছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর এক বিবৃতিতে মিয়ানমার সরকারকে “রাখাইনে অবাধে প্রয়োজনীয় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া এবং রোহিঙ্গা সংকটের প্রকৃত ও স্থায়ী সমাধানের পরিবেশ সৃষ্টির” আহ্বান জানানো হয়েছে।

গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।

তাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। মঙ্গলবার সেই দুই মাস সময় শেষ হয়েছে।

কিন্তু পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় প্রাথমিক লক্ষ্য অনুযায়ী মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানো শুরু করা সম্ভব হয়নি।

নভেম্বরের সম্মতিপত্রের ভিত্তিতে দুই দেশ গত ১৯ ডিসেম্বর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে এবং ১৬ জানুয়ারি ওই গ্রুপের প্রথম বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন বিষয় ঠিক করে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষরিত হয়।

রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের জন্য একটি ফরমও চূড়ান্ত করা হয় এবং ঠিক হয়, পরিচয় যাচাই ও প্রত্যাবাসনের কাজটি করা হবে প্রতিটি পরিবারকে একটি ইউনিট ধরে।