২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলা: আগাম ভোটের জন্য প্রস্তুত মাদুরো

ভেনেজুয়েলার সাংবিধানিক পরিষদ আগামী এপ্রিলের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আগাম নির্বাচনের জন্য তিনি প্রস্তুত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 11:25 AM

Updated : 08 Apr 2022, 05:48 PM

মঙ্গলবার রাজধানী কারাকাসে হাজারো সমর্থকদের শোভাযাত্রার মধ্যে মাদুরো নতুন মেয়াদে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হতে আগ্রহের কথা জানিয়েছেন বলে খবর বিবিসির।

`বিরোধীরা আসুক কি না আসুক, নির্বাচন যথাসময়ে হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

“এটাই সঠিক সিদ্ধান্ত। সাম্রাজ্যবাদ এবং ডানপন্থিরা দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে চক্রান্ত করছে,” বলেন মাদুরো।

বিবিসি বলছে, ভেনেজুয়েলার সরকারপন্থি সাংবিধানিক পরিষদ এমন এক সময়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছে যখন বিরোধী দলগুলো তুলনামূলক দুর্বল ও দ্বিধাবিভক্ত। মাদুরোর বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীও হয় জেলে আছেন কিংবা স্বেচ্ছা নির্বাসনে দেশের বাইরে অবস্থান করছেন।

যদিও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিরোধী দলীয় নেতা এনরিকে কাপ্রিলেস বলেছেন, সরকার এখন এতটাই অজনপ্রিয় যে ভোটে তারা পরাজিতও হতে পারে।

“সরকার এবং এর নেতারা সংখ্যাগরিষ্ঠ ভেনেজুয়েলানকে ক্ষুব্ধ করেছে,” টুইটারে বলেন কাপ্রিলেস। ‘গণতন্ত্র বাঁচাতে’ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

কাপ্রিলেস নিজেও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। মিরান্দা অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গত বছরের এপ্রিলে তাকে ১৫ বছরের জন্য সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়।

কাপ্রিলেস কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে বিরোধী দল নিয়ন্ত্রিত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সাবেক স্পিকার হেনরি রামোস আলাপ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেনেজুয়েলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার পাল্টা হিসেবে সাংবিধানিক পরিষদ এ আগাম ভোটের ডাক দিয়েছে।

‘জনগণের বৈধ ক্ষমতা কুক্ষিগত করতেই সরকার জাতীয় পরিষদের ক্ষমতা হ্রাসে সাংবিধানিক পরিষদ সৃষ্টি করেছে’ বলেও অভিযোগ করেছেন তিনি।

একই অভিযোগে বিরোধী দলগুলো গত বছর সাংবিধানিক পরিষদের নির্বাচনও বয়কট করেছিল।

বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যদ্রব্য, চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক উপাদানের চরম ঘাটতিতে ভুগছে ভেনেজুয়েলা।

প্রায় দুই দশক ধরে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক পার্টির ‘দুর্নীতি ও বিভিন্ন ভুল নীতি’ দেশটির অর্থনীতিকে ধ্বংস করে সহিংসতা উসকে দিচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

অন্যদিকে মাদুরো বলছেন, তার সরকারকে উৎখাত করতে বিদেশি রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র ও স্পেন প্রচারে নেমেছে।

ক্যান্সারে আক্রান্ত উগো চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। দেশটিতে তার জনপ্রিয়তা এখনও কম নয় বলে ধারণা পর্যবেক্ষকদের।

মঙ্গলবার মাদুরো নির্বাচন কমিশনকে আগাম নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করারও অনুরোধ জানান।

“চলুন এ পথ অতিক্রম করি, প্রেসিডেন্ট নির্বাচনে জিতে সাম্রাজ্যবাদের হুমকির সমাপ্তি টানি,” কারাকাসে সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি।