রাশিয়া তদন্তে মার্কিন এটর্নি জেফ সেশনসকে জেরা
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্তকারী কর্মকর্তারা মার্কিন এটর্নি জেফ সেশনসকে জেরা করেছেন।
গত সপ্তাহে এটর্নি জেনারেলকে কয়েকঘন্টা ধরে এ জেরা করা হয়েছে বলে মঙ্গলবার বিবিসি’কে জানিয়েছেন বিচার বিভাগের এক মুখপাত্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় সেশনসই প্রথম সদস্য যাকে জেরা করা হল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। বিশেষ কাউন্সেল হিসাবে মুলার এ বিষয়টি তদন্ত করছেন।
তাছাড়া, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করে সংস্থাটির রাশিয়া তদন্তে বাধ সাধার চেষ্টা করেছিলেন কিনা সে বিষয়টিও মুলার খতিয়ে দেখছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলে আসছে মস্কো নির্বাচনী ফল ট্রাম্পের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করেছিল। তবে রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে।
বিশেষ কাউন্সেল রবার্ট মুলার ছাড়াও মার্কিন কংগ্রেসের তিনটি ভিন্ন কমিটি নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্প শিবিরের সঙ্গে মস্কোর আঁতাতের বিষয়টি নিয়ে তদন্ত করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চলার সময় জেফ সেশনস রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে দুইবার দেখা করেছিলেন বলে গত বছর খবর প্রকাশ পেলেও পরবর্তীতে কংগ্রেস কমিটির শুনানিতে বিষয়টি পুরোপুরি চেপে গিয়েছিলেন তিনি।
