২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে সরকার গঠনের পথ সুগম

জার্মানিতে টানা ২৪ ঘণ্টার বেশি সময়ের আলোচনার পর নতুন সরকার গড়ার পথ সুগম হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 10:11 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য একটি রূপরেখা নিয়ে একমত হয়েছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) এবং তাদের সাবেক শরিক দল স্যেশাল ডেমোক্র্যাটস (এসপিডি)।

তাছাড়া, অভিবাসনের মত কন্টকাকীর্ণ বিষয়গুলোতেও দুপক্ষ চুক্তিতে পৌঁছতে পেরেছে বলে জানিয়েছে বিবিসি।

এক সংবাদ সম্মেলনে মের্কেল এবং এসপিডি নেতা মার্টিন শুলৎজ বলেছেন, তারা নতুন মহাজোট গঠনের ব্যাপারে আশাবাদী।

জার্মানিতে নির্বাচনের তিনমাস পেরিয়ে গেলেও এখনো একটি নতুন সরকার গঠিত হয়নি। স্থিতিশীল একটি কোয়ালিশন সরকার গড়ার জন্য মের্কেলের সামনে এটিই শেষ সুযোগ হিসাবে দেখা হচ্ছে।

মার্টিন শুলৎজের এসপিডি মের্কেলের মধ্য-ডান দলের সঙ্গে গত ১২ বছরের মধ্যে ৮ বছর ধরে ক্ষমতায় থাকলেও গত সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটি খারাপ ফল করার পর বিরোধীদলে যাওয়ার অঙ্গীকার করেছিল।

কিন্তু মের্কেলের প্রথম দফা জোট গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এসপিডি’র সঙ্গে আলোচনায় বসেন। ‘মহাজোট' গঠন নিয়ে গত ৭ জানুয়ারি শুলৎজের সঙ্গে নতুন করে প্রাথমিক আলোচনা শুরু করেন মের্কেল।

প্রথম দফায় মের্কেল চেষ্টা করছিলেন উদারপন্থি ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি) এবং গ্রিন পার্টির সঙ্গে জোট গঠন করতে। কিন্তু সে আলোচনা নভেম্বরে ব্যর্থ হয়৷ কারণ, এফডিপি নেতা আলোচনা থেকে সরে যান।

এরপর মের্কেলের জন্য এসপিডি'র সঙ্গে আলোচনার পথটাই খোলা ছিল৷ আর এসপিডি'ও এ সুযোগ হাতছাড়া করেনি৷