ইয়েমেন সংঘাত: সালেহর আলোচনা প্রস্তাবে রাজি সৌদি জোট
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর দেওয়া আলোচনা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘নেতৃত্ব গ্রহণ করার এবং জনগণের পক্ষ নিয়ে ইরানের অনুগত জঙ্গিদের হাত থেকে ইয়েমেনকে মুক্ত করতে’ এ সিদ্ধান্ত।
২০১৪ সালের ২১ সেপ্টেম্বর দেশটির শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে এবং প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে গৃহবন্দি করে।
পরে হাদি রাজধানী থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে আশ্রয় নেন এবং সশস্ত্র অনুসারীদের সমর্থন নিয়ে রাজধানী ফেরার চেষ্টা করেন।
আব্দুল্লাহ সালেহ ও তার অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়, ইরান তাদের পক্ষ নেয়।
অন্য দিকে সৌদি আরব নেতৃত্বাধীন জোট হাদি সরকারের পক্ষে ইয়েমেনে যুদ্ধে অংশ নিচ্ছে।
এ সপ্তাহে টেলিভিশনে এক ভাষণে সালেহ বলেন, যদি সৌদি জোট অবরোধ তুলে নেয় এবং আক্রমন করা বন্ধ করে তবে তিনি ‘আলোচনায় বসতে’ প্রস্তুত আছেন।
“আমি আমার প্রতিবেশী দেশগুলোর ভাইদের এবং সৌদি জোটকে তাদের আক্রমণ বন্ধ করার, অবরোধ তুলে নেওয়ার, বিমানবন্দর খুলে দিয়ে খাদ্য সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার এবং আহতদের প্রাণ বাঁচানোর আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবেশীদের সদাচারের দ্বারা আমরা একটি নতুন যুগে প্রবেশ করতে পারি।
“আমরা ইতিবাচক পথে একটি চুক্তিতে উপনীত হতে পারি এবং যা হবে তা ইয়েমেনের জন্য যথেষ্ট।”
প্রেসিডেন্ট হাদিও আলোচনার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সালেহর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন তিনি।
এদিকে, সালেহর ওই ঘোষণার পর হুতি বিদ্রোহীরা তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেছে।
হুতি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুতির অভিযোগ, সালেহ সৌদি জোটের সঙ্গে হাত মিলিয়েছে।
“সালেহর আচরণ সন্দেহজনক ছিল, কিন্তু এখন তার মুখোশ খুলে গেছে।
“এটা করবেন না। এটা বিশ্বাসঘাতকের মত আচরণ। তাদের জন্য লজ্জা হচ্ছে। এটা লজ্জাজনক।”
ইয়েমেনে চলমান লড়াই-সংঘর্ষ দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
অপ্রতুল খাবার, বিশুদ্ধ পানির অভাব এবং জ্বালানি স্বল্পতায় ইয়েমেনের মানুষ প্রচণ্ড দুর্ভোগে আছে বলে জানিয়েছেন ডব্লিউএফপি প্রধান আর্থারিন কাজিন।
বিবিসি জানায়, সংগঠনটির হিসাবমতে, ইয়েমেনে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
