ভারতে প্রতি ১৫ মিনিটে এক শিশু যৌন নিপীড়নের শিকার
ভারতে প্রতি ১৫ মিনিটে একজন শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে। সরকারের সর্বসাম্প্রতিক এক পরিসংখ্যানে বেরিয়ে এসেছে এ তথ্য।
বৃহস্পতিবার প্রকাশিত ‘দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে।
বিবিসি জানায়, ভারতে কিছুদিন আগে ১০ বছরের এক ধর্ষিতার সন্তান জন্মদানের ঘটনা সংবাদ শিরোনাম হওয়ার পর থেকে সম্প্রতি কয়েকমাসে শিশু যৌন নিপীড়নের বিষয়টি সবার নজরে এসেছে।
ওই বালিকাকে ধর্ষণের অপরাধে তার দুই চাচার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো প্রতিবেদন ২০১৬ অনুযায়ী, ওই বছর শিশুদের বিরুদ্ধে অপরাধের ১০৬,৯৫৮ টি ঘটনা রেকর্ড করা হয়েছে। দিল্লিতে প্রতিবেদনটি প্রকাশ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
অপরাধের ওই ঘটনাগুলোর মধ্যে ৩৬ হাজার ২২ টি ঘটনা রেকর্ড হয়েছে ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ অ্যাক্ট এর আওতায়।
দিল্লিতে বিবিসি’র সংবাদদাতা গীতা পান্ডে বলেন, বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়। কিন্তু এ বিষয়টি নিয়ে অনেকেই মুখ না খোলায় বাস্তবে নিপীড়িত শিশুর সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা আছে।
