হ্যারি-মার্কলের বিয়ে ২০১৮’র মে মাসে
আগামী বছর মে মাসে বিয়ে করছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তার মার্কিন প্রেমিকা অভিনেত্রী মেগান মার্কল।
যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেসে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেলে হবে বিয়ের অনুষ্ঠান। খরচ বহন করবে রাজপরিবার।
মঙ্গলবার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এর আগে হ্যারির বাবা প্রিন্স চার্লস সোমবার ছোট ছেলে হ্যারির বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মার্কিন অভিনেত্রী মার্কলের সঙ্গে এ মাসের শুরুতেই বাগদান করেছেন ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি।
পরষ্পরের বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাইয়ে এ জুটির পরিচয় হয়। মার্কলের আগে একবার বিয়ে হয়েছিল।
মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’য়ে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান মার্কল বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়। সেপ্টেম্বরেই তারা জুটি হিসাবে প্রথম জনসম্মুখে আসেন।
ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে নিজের ‘বয়ফ্রেন্ড’ সম্বোধন করে মার্কল বলেছিলেন, “আমরা পরম্পরকে ভালোবাসি এবং এ সম্পর্ক নিয়ে আমরা খুশি। গণমাধ্যমকে লুকিয়ে আমরা ছয় মাস প্রেম করেছি। এরপর সব কিছু জানাজানি হয় এবং হঠাৎ করেই সবার আচরণ বদলে যেতে শুরু করে।”
