চীন সফরে যাবেন সু চি
রোহিঙ্গা সঙ্কট নিয়ে সালোচনার মধ্যে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চি শিগগিরই চীন সফরে যাচ্ছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের এক সম্মেলনে যোগ দিতে শিগগিরই বেইজিংয়ে যাচ্ছেন নোবেল বিজয়ী সু চি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চির মুখপাত্র জাউ হাতাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সফরের বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানতে পারেনি।
তবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বেইজিংয়ের ওই সম্মেলন চলবে।
সন্ত্রাস দমনের নামে রাখাইনে সেনা অভিযানে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে না পারায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছেন সু চি।
এ পরিস্থিতিতে উত্তরের ঘনিষ্ঠ প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার দিকে মনোযোগী হয়েছে সু চির সরকার।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হাইং গত ২৪ নভেম্বর বেইজিংয় সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন। পরে ফেইসবুকে এক পোস্টে জেনারেল মিন অং বলেন, রাখাইন প্রসঙ্গেও প্রেসিডেন্ট শি’র সঙ্গে তার কথা হয়েছে।
গত অগাস্টের শেষ দিকে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে হত্যা, ধর্ষণ, জ্বালাওপোড়াও শুরু হওয়ার পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সু চির পশ্চিমা মিত্ররা সমালোচনায় মুখর হলেও চীন মিয়ানমার সরকারের অবস্থানকে সমর্থন দিয়ে আসছে।
গত তিন মাসে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এ সঙ্কটের অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব তোলা হলে চীন তার বিরোধিতা করে।
ঘনিষ্ঠ মিত্র চীনই মিয়ানমারের সেনাবাহিনীর অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা। মিয়ানমার তাদের মোট বিদেশি বিনিয়োগের এক তৃতীয়াংশ পাচ্ছে চীন ও সিঙ্গাপুর থেকে।
এ মাসের মাঝামাঝি সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা সঙ্কেটের দ্বিপক্ষীয় সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেন। আর গত সপ্তাহে মিয়ানমার সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে একটি সম্মতিপত্রে সিই করেন।
ওই চুক্তি অনুযায়ী, ১৯৯২ সালে দুই দেশের যৌথ ঘোষণার আলোকে ২০১৬ সালের অক্টোবর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীদের ফেরত নেবে দেশটির সরকার।
প্রত্যাবাসনের বিষয়ে আলোচনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিয়ানমার তাতে রাজি হয়নি।
এদিকে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার মিয়ানমার পৌঁছেছেন। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনের নজর এখন মিয়ানমারের দিকে। মিয়ানমার থেকে পোপ বাংলাদেশেও যাবেন।
