২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেও রাজনৈতিক ভূমিকায় থাকছেন মুগাবে

পদত্যাগের পরও প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে জিম্বাবুয়ের রাজনৈতিক ভূমিকায় থাকবেন রবার্ট মুগাবে। তার পদত্যাগে মধ্যস্থতাকারী খ্রিস্টান পুরোহিত রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি বিবিসি’কে একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 12:30 AM

Updated : 12 Apr 2022, 12:48 AM

তিনি বলেন, প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে মুগাবে নতুন প্রেসিডেন্টসহ সবাইকে ‘উপদেশ’ দেবেন।

৯৩ বছর বয়সী মুগাবে গত মঙ্গলবার সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং দেশবাসীর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন।

তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসাবে গত শুক্রবার শপথ নেন এমারসন এমনানগাওয়া।

মুগাবের ঘনিষ্ঠ ‍মিত্র হওয়ার পরও এ মাসের শুরুর দিকে এমনানগাওয়া বরখাস্ত হওয়াকে কেন্দ্র করে জিম্বাবুয়েতে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা মুগাবের পতন ডেকে আনে।

পুরোহিত মুকোনোরি সেনাবাহিনী এবং মুগাবের মধ্যে মধ্যস্থতার মধ্য দিয়ে মুগাবেকে পদত্যাগে রাজিকরান। এরপর তিনিই জানালেন, রাজনীতিতে এখনও মুগাবের ভূমিকা থাকছে।

নতুন প্রেসিডেন্ট এমনানগাওয়া রাজনৈতিক পরামর্শ নিতে পূর্বসূরি মুগাবের কাছে যাবেন বলেজানিয়েছেন মুকোনোরি।

বিবিসি’কে তিনি বলেন, “আফ্রিকান বিশ্বে বয়স্ক নাগরিকরা উপদেশ, পরামর্শ দিয়ে থাকেন।”

মুকোনোরি আরও বলেন, মুগাবে ও তার স্ত্রী গ্রেস মুগাবে রাজধানী হারারে তে তাদের বাড়িতেই আছেন। তাদের দেশ ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।