নিউ ইয়র্কে ভবন থেকে পড়ে অস্ট্রেলীয় কূটনীতিকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি ভবনের বারান্দায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পড়ে গিয়ে এক অস্ট্রেলীয় কূটনীতিকের মৃত্যু হয়েছে।
ম্যানহাটনের একটি ভবনের সাত তলার বারান্দার কিনারা থেকে ৩০ বছর বয়সী জুলিয়ান সিম্পসন দুর্ঘটনাবশত দ্বিতীয় তলার একটি ল্যান্ডিংয়ে পড়ে যান বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি), খবর বিবিসির।
ওই সময় তিনি এক বন্ধুর সঙ্গে ‘ট্রাস্ট গেম’ খেলছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
সিম্পসন অস্ট্রেলিয়ার একজন সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় ১টার দিকে পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে যায় তারা। এরপর সিম্পসনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সমলিঙ্গ বিয়ের ভোটাভুটির ফল উদযাপনে নিউ ইয়র্কের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং আলোকসজ্জায় সজ্জিত করা হলে তা দেখতে বাড়িতে ফিরেছিলেন সিম্পসন, তার স্ত্রী ও বন্ধুরা। এর আগে তারা সবাই বাইরে ছিলেন।
পড়ে যাওয়ার সময় ওই কূটনীতিক একটি খেলা খেলছিলেন বলে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেননি এনওয়াইপিডির মুখপাত্র। তবে ওই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
ঘটনাটিকে ‘বিপর্যকর শোকাবহ ঘটনা’ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
সিম্পসন গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন।
