ফ্রান্সে গাড়ি হামলায় তিন চীনা শিক্ষার্থী আহত
ফ্রান্সের তুলুজ শহরের কাছে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে তিন চীনা শিক্ষার্থীকে আহত করেছে এক চালক।
তুলুজের শহরতলী ব্লেনিয়াকের একটি কলেজের বাইরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, গাড়ির আঘাতে ২৩ বছর বয়সী এক চীনা নারী গুরুতর আহত হয়েছেন এবং ২২ ও ২৩ বছর বয়সী দুই চীনা পুরুষ জখম হয়েছেন।
তুলুজের সরকারি কৌঁসুলি পিয়েরে ইভসা ক্যারলু জানিয়েছেন, ২৮ বছর বয়সী ওই চালক জেব্রাক্রসিংয়ে থাকা ওই দলটিকে ‘উদ্দেশ্যপূর্ণভাবে আঘাত’ করেছে।
আহত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা আইসিডি-তুলুজ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের শিক্ষার্থী।
ঘটনার পরপরই ওই চালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকজনিত অপরাধসহ আগে থেকেই কিছু ছোটখাট অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওই চালক তীব্র মানসিক রোগে আক্রান্ত বলে অসমর্থিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি পুলিশকে বলেছেন কোনো একটি কণ্ঠস্বর কাউকে আঘাত করার জন্য বলেছিল তাকে।
তবে ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কৌঁসুলি ইভসা ক্যারলু।
