২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যে ভারসাম্যহীনতা আর সহ্য করা হবে না: ট্রাম্প

‘মুক্ত বাণিজ্যের কারণে লাখ লাখ মার্কিনী কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে’ এবং তিনি এ অবস্থা আর চলতে দেবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 04:59 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

ভিয়েতনামে এশিয়া-প্যাসেফিক ইকোনোমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনে এক কথা বলেন ট্রাম্প। দুই দিনের এ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি ভিয়েতনামে আছেন।

সম্মেলনের প্রথম দিন দেওয়া ভাষণে তিনি বলেন, তিনি সবসময়ই যুক্তরাষ্ট্রকে সবার আগে রাখবেন এবং এপেক ভূক্ত দেশগুলোর ‘ ন্যায্য পারস্পরিক বাণিজ্য’ নীতি মেনে চলা উচিৎ।

বাণিজ্য বিষয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১ দেশের জোট এপেক। ভিয়েতনামের বন্দর নগরী ডা নাং এ শুক্রবার থেকে এই সম্মেলন শুরু হয়েছে।

এদিন বিশ্ব বাণিজ্য সংস্থার তৈরি করা বিশ্ব বাণিজ্য নীতি সম্পর্কে ট্রাম্প বলেন, “যদি সব সদস্য দেশ এই বাণিজ্য নীতির সম্মান না করে তবে এটার সঠিক বাস্তবায়ন সম্ভব না।”

তিনি বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগ তুলে আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে অন্যান্য দেশের পণ্য প্রবেশে বাধা অনেক কম এবং শুল্কও কম। অন্যান্য দেশে বিষয়গুলো একইরকম নয়। এটা আমাদের দেশের অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।

“মুক্ত বাণিজ্যের কারণে লাখ লাখ আমেরিকান কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ট্রান্স-প্যাসেফিক পার্টারশিপ (এপেক ভূক্ত ১২ দেশের বাণিজ্য চুক্তি) থেকে সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন।

তার যুক্তি, এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যদিও শুক্রবার ট্রাম্প বলেন, তিনি এপেক ভূক্ত যেকোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে রাজি আছেন।

বলেন, “ইন্দো-প্যাসেফিক জোট ভূক্ত যেকোনো দেশ যারা ন্যায্য পারস্পরিক বাণিজ্য নীতি মেনে চলতে রাজি আছে তাদের সঙ্গে আমেরিকা দ্বিপাক্ষিক চুক্তি করবে।

“তবে সেটা শুধুমাত্র পারস্পরিক সম্মান ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে।”