কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি কোকেন আটক
কলম্বিয়ার উত্তরাঞ্চল থেকে ১২ টনেরও বেশি কোকেন উদ্ধার হয়েছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ মাদক আটকের ঘটনা।
একটি কলা বাগানে মাটির নিচে এ মাদক লুকিয়ে রাখা হয়েছিল।
কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি পুলিশী অভিযানে এটিই ইতিহাসের সবচেয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা বলে বর্ণনা করেছেন। এ সাফল্যের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।
৩৬ কোটি ডলার মূল্যের কোকেন আটকের সঙ্গে সঙ্গে চার ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এ মাদকগুলো অপরাধ চক্রের নেতা ডায়রো উসুগার। প্রভাবশালী মাদক পাচারচক্র গাল্ফ ক্ল্যানের নেতা ওটনিল হিসাবেও যিনি পরিচিত।
নিরাপত্তা বাহিনী বছরের পর বছর ধরে ওটোনিলকে পাকড়াও করার চেষ্টা চালিয়ে আসছে। তাকে জীবিত বা মৃত ধরা কিংবা তার সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কারও ঘোষণা করেছে কলম্বিয়া পুলিশ।
একটি পুলিশী অভিযানে ১২ টনের বেশি কোকেন আটক সবচেয়ে বেশি পরিমাণ মাদক আটকের ঘটনা হলেও এ বছরই দেশটিতে পুলিশ এর আগে বিভিন্ন স্থান থেকে ৩৬০ টন মাদক উদ্ধার করেছে। এন্টিওকুইয়ায় গত দুমাসে নিরাপত্তা বাহিনী ২০ টন কোকেন আটক করেছে।
বিশ্বে মাদক উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে কলম্বিয়া অন্যতম। দেশটিতে প্রতিবছর ৯শ’ টন কোকেন উৎপাদন হয়।
