২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উপদ্বীপে ফের মার্কিন যুদ্ধবিমান মহড়া

কোরীয় উপদ্বীপের আকাশে ফের মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। সঙ্গে যোগ দিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার জঙ্গিবিমানও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 11:31 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

উত্তর কোরিয়াকে বার্তা দিতেই দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় তিন দেশের যৌথ বাহিনীর যুদ্ধবিমান শুক্রবার এ দাপট দেখিয়েছে বলে মনে করা হচ্ছে।

এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে দিয়ে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ মহড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, “বাস্তবতায় পরিষ্কার দেখা যাচ্ছে যে, দস্যু-চক্রের মত মার্কিন সাম্রাজ্যবাদীরাই প্রকৃতপক্ষে কোরিয়া উপদ্বীপের পরিস্থিতিকে উত্তেজিত করে তুলছে এবং পারমাণবিক যুদ্ধ শুরুর উপক্রম করছে।”

তবে যুক্তরাষ্ট্র বলছে, প্রশান্ত মহাসাগরে সবসময় বোমারু বিমান প্রস্তুত রাখার যে লক্ষ্য রয়েছে তার অংশ হিসাবেই এ মহড়া দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প রোববার এশিয়া সফরে যাবেন। এ সফরকালে দক্ষিণ কোরিয়া এবং চীনে যাওয়ার আগে জাপানে প্রথম সফর করবেন তিনি। এরপর ট্রাম্প যাবেন ভিয়েতনাম এবং ফিলিপাইনে।