এবার কলোরাডোয় ওয়ালমার্টে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ট্রাক হামলার পর এবার কলোরাডোয় ডেনভারের শহরতলির এক ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ৩ জন।
পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পরপরই ডেনভারের উত্তর-পশ্চিমের শহরতলি থর্নটনে ওই ডিপার্টমেন্টাল স্টোরে গুলির ঘটনা ঘটে। বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলাকারীর সন্ধান চলছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কেও তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি। পুলিশ কোনও ধরনের আশঙ্কাই উড়িয়ে দিচ্ছে না। তবে এখন পর্যন্ত এটিকে একটি দৈব ঘটনা হিসাবেই দেখছে পুলিশ।
গুলিতে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত আরেক নারীকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলাকারী একজন শ্বেতাঙ্গ। তার পরনে ছিল কালো জ্যাকেট এবং নীল জিন্স।
এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ঘাতক ট্রাক চাপায় নিহত হয় ৮ জন। সেই ঘটনার রেশ না কাটতেই ফের গুলির ঘটনা ঘটল কলোরাডোয়। এ ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
