২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার জন্য বিমান ছিনতাই হুমকি দিয়ে গ্রেপ্তার রত্নব্যবসায়ী

ভারতের এক কোটিপতি রত্নব্যবসায়ীকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটের টয়লেটে বোমা ও ছিনতাইয়ের হুমকি দিয়ে লেখা চিঠি রাখার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকাকে বিমান থেকে নামিয়ে আনতেই এ অপকর্ম করেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:11 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

এনডিটিভি জানায়, মুম্বাইয়ের ব্যবসায়ী বিরজু কিশোর সাল্লাকে ২০১৬ সালে কার্যকর হওয়া কঠোর ছিনতাই-বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা হয়। এ আইনের অধীনে এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা।

সোমবার ভোর তিনটার কিছু আগে জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ৩৩৯ উড়োজাহাজটি মুম্বাই থেকে উড়াল দেয়। কিছুক্ষণ পর একজন এয়ার-হোস্টেজ টয়লেটে উর্দু ও ইংরেজিতে ছাপার অক্ষরে লেখা একটি চিঠি খুঁজে পায়। তারপরই উড়োজাহাজটি আহমেদাবাদে জরুরি অবতরণ করে।

চিঠিতে ইংরেজিতে লেখা, ফ্লাইট ৯ডব্লিউ৩৩৯ হাইজ্যাকারের ভর্তি এবং উড়োজাহাজটির অবতরণ করা উচিত হবে না। ১২জন হাইজ্যাকার আছে। যদি আপনারা নিচে নামার চেষ্টা করেন তবে লোকজনের মৃত্যুর আর্তনাদ শুনতে পাবেন। এটাকে কৌতুক ভাববেন না। মালামাল রাখার জায়গায় (কার্গো এরিয়া) বোমা রাখা আছে এবং যদি দিল্লিতে অবতরণের চেষ্টা করেন তবে তা বিস্ফোরিত হবে।

বিরজু দোষীসাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেইসঙ্গে এই আইনের অধীনে সরকার তার সব সম্পদও জব্দ করতে পারবে। যদিও বিরজুর দাবি, তার মেয়েবন্ধু জেট এয়ারওয়েজের কর্মী এবং চাকরির কারণে দিল্লিতে বসবাস করে।

“আমি চাই সে চাকরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে মুম্বাইয়ে বসবাস করুক। এ কারণেই আমি এ কাজ করেছি। যাতে জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যায় এবং আমার বান্ধবীর চাকরি চলে যায়।”

পুলিশ কমিশনার জেকে ভাট সাংবাদিকদের বলেন, “আমরা তাকে অ্যান্টি-হাইজ্যেকিং অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করেছি। আইনটি কার্যকর হওয়ার পর এই আইনের অধীনে এটা প্রথম গ্রেপ্তারের ঘটনা।

“বিরজুর সঙ্গে কোনো সমাজ-বিরোধী দলের যোগাযোগ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে আরও কোনো অপরাধ অভিযোগ আমরা পাইনি।”

গুজরাট থেকে আসা লাখপতি ব্যবসায়ী বিরজুর মুম্বাইয়ে অপেক্ষাকৃত ধনীদের এলাকায় একটি অ্যাপার্টমেন্ট আছে।

জেট এয়ারওয়েজের নিয়মিত যাত্রী বিরজু এর আগেও একবার নিজের সঙ্গে তেলাপোকা নিয়ে উড়োজাহাজে উঠেছিলেন এবং পরে ‘বিজনেস ক্লাসের’ খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেছিলেন।