২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় সংঘর্ষ: লাখো মানুষ অনাহারে

সংঘর্ষ-বিক্ষুব্ধ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কাসাই প্রদেশে ৩০ লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 12:06 AM

Updated : 12 Apr 2022, 12:37 AM

মানবিক সংকট এড়াতে সেখানে সাহায্যের আবেদন জানিয়েছেন জাতিসংঘ খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বিজলে।

পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বিবিসি কে বলেন, আগামী মাসগুলোতে সাহায্য না পেলে লাখো শিশু মারা যেতে পারে।

২০১৬ সালের অগাস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় এক নেতার মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে করে ১৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে। তাদের বেশিরভাগই শিশু।

কাসাইয়ের পরিস্থিতিকে বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন বিজলে।

ডব্লিউএফপি প্রধান বলেন, “আমাদের টীম মাঠ পর্যায়ে গিয়েছে। আমরা পোড়া ঘর দেখেছি, পোড়া কুটির দেখেছি, মারাত্মক অপুষ্টির শিকার শিশু দেখেছি। অনেক শিশু এরই মধ্যে মারাও গেছে।”

“দ্রুত তহবিল, খাদ্য সাহায্য না পেলে এবং ঠিক জায়গায় ত্রান বিতরণের সুযোগ না পেলে আরও অনেক শিশু আগামী কয়েকমাসে মারা যাবে।”