ইন্দোনেশিয়ায় দোররা দণ্ড বন্ধের আহ্বান এইচআরডব্লিউ’র
ইন্দোনেশিয়ায় শত শত মানুষ দোররা দণ্ডের শিকার হওয়ার নিন্দা জানিয়ে এ বর্বর শাস্তি বন্ধে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
দেশটিতে গত দুবছরে ৫শ’রও বেশি মানুষ জনসম্মুখে এ শাস্তি ভোগ করেছে। ইন্দোনেশিয়ার আচি প্রদেশে শরিয়া আইনানুযায়ী এ শাস্তির বিধান আছে।
২০০৬ সালে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক শান্তি চুক্তির আওতায় এ আইন অনুমোদন পায়। কিন্তু আইনটি ক্রমেই অনেক বেশি প্রচলিত হয়ে উঠেছে। বিশেষ করে সমকামিতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে এ দণ্ড চালু আছে।
২০১৫ সালের অক্টোবরে কুনান জিনায়াত নামে পরিচিত নতুন ইসলামিক ক্রিমিনাল কোড চালু হয়েছে আচি প্রদেশে। এ আইনানুযায়ী, সমকামিতার জন্য শাস্তি হিসাবে ১শ’ দোররা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ৩০ দোররা মারা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এসব আইনসহ জুয়া ও মদ্যপান নিষিদ্ধ করার মত আইনগুলো মুসলিমদের পাশাপাশি অ-মুসলিমদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। গতবছর এক খ্রিস্টান নারীকে মদ বিক্রির জন্য দোররা মারা হয়েছে।
ইন্দোনেশিয়া ছাড়াও অন্য যেসব দেশে এ দোররা দণ্ড চালু আছে সেগুলো হল ইরান, সৌদি আরব, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাই।
এ পন্থায় শাস্তিকে নির্যাতনেরই নামান্তর বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো।
